ইসলাম টাইমস ডেস্ক: মানুষের পক্ষে আল্লাহর কুদরতের মোকাবেলা করা অসম্ভব। পৃথিবীর মানুষ যতই কৃত্রিম উপায়ে সন্তানের জন্মকে নিয়ন্ত্রণ করতে চাইবে আল্লাহ তাআলা বারে বারে তার কুদরত প্রদর্শন করে যাবেন। মানুষ যতই মেডিসিন, আবরণ, গর্ভপাত আর পিল খাইয়ে পৃথিবীতে মানুষের আগমনকে বাধাগ্রস্ত করতে চাইবে, আল্লাহ রব্বুল আলামীন ততই একই গর্ভে পাঁচজন-দশজন করে সুস্থ সন্তান দান করবেন। তেমনই একটি বিস্ময়কর ঘটনা ঘটেছে কুমিল্লার মাওলানা মিজানুর রহমানের ঘরে।
কুমিল্লার লাকসামে মাওলানা মিজানুর রহমানের স্ত্রী কোনো ধরনের অস্ত্রোপচার ছাড়া স্বাভাবিক ভাবে পাঁচ সন্তান প্রসব করেছেন। ওই প্রসূতির নাম শারমিন আক্তার।
বুধবার দুপুরে লাকসাম জেনারেল হসপিটালে তিনি পাঁচ সন্তান প্রসব করেন। সন্তানদের মধ্যে তিন ছেলে ও দুই মেয়ে। তারা সকলে সুস্থ আছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
লাকসাম জেনারেলের হসপিটালের উপ-ব্যবস্থাপনা পরিচালক আলী আক্কাস জানান, ওইদিন সকালে ওই প্রসূতি মা হাসপাতালে ভর্তি হন। এরপর হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. লতিফা আক্তার লতার চিকিৎসা তত্ত্বাবধানে দুপুরে ওই পাঁচ সন্তান স্বাভাবিক ভাবে জন্ম নেয়। এদিকে ওই পাঁচ সন্তানকে আরও উন্নত চিকিৎসার জন্য কুমিল্লার একটি হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমান মা এবং সন্তানরা সুস্থ আছেন।
সন্তানদের পিতা হাফেজ মাওলানা মিজানুর রহমান বলেন, এর আগে তাঁর প্রথম সন্তান জন্ম হলেও মারা যায়। বর্তমানে এ পাঁচ সন্তান জন্মলাভে তিনি আনন্দিত। তাদের জন্য তিনি সকলের নিকট দোয়া চেয়েছেন।
















