ইসলাম টাইমস ডেস্ক: সিলেটের ওসমানীনগরে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী, শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। একই ঘটনায় আরও ৪ জন গুরুতর আহত হয়েছে। হতাহত সকলেই অটোরিকশার যাত্রী।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার সাদিপুরে এই দুর্ঘটনা ঘটে।
ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক জানান, সিলেটগামী মামুন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে নারী, শিশুসহ ৪ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন।
নিহতরা হলেন- ওসমানীনগর উপজেলার মোবারকপুর গ্রামের আলা উদ্দিনের ছেলে সিএনজি অটোরিকশা চালক জুনেদ মিয়া (২৮), উপজেলার গেয়ালাবাজার ইউপির ব্রাহ্মণ গ্রামের কমরু মিয়ার মেয়ে কারিমা বেগম (৭), কমরু মিয়ার স্ত্রীর বোন হামিদা বেগম (২০) ও কমরু মিয়ার বড় ভাই ফজলু মিয়ার মেয়ে আরিফা (১২)।
আহতরা হলেন, কমরু মিয়ার স্ত্রী খালেদা বেগম, মেয়ে আফসানা ও নিহত হামিদা বেগমের মেয়ে হাফিজা ও অজ্ঞাতনামা এক পুরুষ।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ওসমানীনগর থানা-পুলিশ ও তাজপুর ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে হতাহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করেছে।
















