ইসলাম টাইমস ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ছদ্মবেশী মুক্তিযোদ্ধারা বিএনপির নেতৃত্বে ঐক্যফ্রন্টে ঐক্যবদ্ধ হয়েছেন। এ সকল ছদ্মবেশী মুক্তিযোদ্ধারা নির্বাচন বানচাল এবং দেশবিরোধী ষড়যন্ত্র করছেন। তবে চক্রান্ত যতই হোক নির্বাচন হবে, কোনো অপশক্তিই ৩০ ডিসেম্বরের নির্বাচনকে বানচাল করতে পারবে না।
রবিবার ফেনী রাজাঝি’র দিঘী পাড়ে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
নোয়াখালীতে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের ওপর গুলির ব্যাপারে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নিজেরাই পরিস্থিতি অস্থিতিশীল করতে চায়। হামলার ছক তারাই তৈরি করেছে, আওয়ামী লীগের অফিসে হামলা করেছে, পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়েছে। তারা পুলিশকে বাধ্য করেছে হস্তক্ষেপ করতে। সে অবস্থায় মাহবুব উদ্দিন খোকন আক্রান্ত হয়েছেন। তার গায়ে ছররা গুলি লেগেছে। তাকে হাসপাতালেও থাকতে হয়নি, প্রাথমিক চিকিৎসার পর তিনি বাসায় ফিরে গেছেন।
















