ইসলাম টাইমস ডেস্ক : মহান বিজয় দিবস উপলক্ষ্যে নড়াইল শহর পরিষ্কার করার একটি কার্যক্রম উদ্বোধন করলেন জাতীয় ক্রিকেট দলের ওয়ান ডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার মা হামিদা মুর্তজা।
মাশরাফি বিন মর্তুজা প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন উদ্যোগে এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্যোগ নেয়া হয়।
মাশরাফির মা একদল তরুণকে নিয়ে ঝাড়ু হাতে নড়াইল শহর পরিষ্কার কার্যক্রমে অংশ নেন।
গতকাল শনিবার রাতে চিত্রা নদীর শেখ রাসেল সেতুর দুই প্রান্তে ঝাড়ু দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
এ সময় মাশরাফির মামা নাহিদুল ইসলাম, মাশরাফির ছোট ভাই মুরসালিন বিন মুর্তজা, নড়াইল পৌর কাউন্সিলর কাজী জহিরুল হকসহ শতাধিক তরুণ এ কাজে যোগ দেন। রাত ১২টা ১ মিনিটে শহরের রূপগঞ্জ প্রজন্ম চত্বরে গিয়ে এ কার্যক্রম শেষ হয়।
















