ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের চলমান অস্থিরতা বিষয়ে আজ (১৬ই আগস্ট) রবিবার বোর্ডের খাস মজলিসে এক সভা অনুষ্ঠিত হয়।
রবিবার সকাল ১১টায় বেফাক সভাপতি আল্লামা শাহ আহমদ শফী দা.বা. এর সভাপতিত্বে তার হাটহাজারী কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় বেফাকের মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুস ও সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আবু ইউসুফের মধ্যে ঘটিত ফোনালাপ ফাঁস ও চলমান অস্থিরতা, অনিয়ম এবং সংকট উত্তরণের জন্য মুফতি জসিম উদ্দিন সাহেবকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মুফতি মনসুরুল হক, মুফতি দেলোয়ার হুসাইন, মুফতি আব্দুল মালেক এবং মাওলানা নোমান,বরুড়া, কুমিল্লা।
তবে ইসলাম টাইমসের পক্ষ থেকে মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক সাহেবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না এবং তার সঙ্গে কেউ যোগাযোগ করেননি। মুফতী দেলোয়ার হোসাইন সাহেবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এখনো আমাকে কিছু জানানো হয়নি। হয়তো পরে জানানো হবে।
বেফাক ও দারুল উলূম হাটহাজারীর অফিসিয়াল ফেইসবুক পেইজের তথ্যমতে, আজকের গঠিত তদন্ত কমিটি আগামী ২৭ শে আগস্ট এর মধ্যে তদন্ত সম্পন্ন করবেন। ২৯ শে আগস্ট সভাপতি মহোদয়ের কার্যালয়ে অনুষ্ঠিতব্য মজলিসে খাসের সভায় তদন্ত রিপোর্ট পেশ করবেন।
সভায় আগামী ১৯শে সেপ্টেম্বর বেফাকের মজলিসে আমেলার সভার তারিখ পুনঃনির্ধারণ করা হয়।
বেফাকের ১১ তলাবিশিষ্ট ভবন নির্মাণ হওয়া এবং নতুন জমি ক্রয়ে সভাপতি মহোদয় সন্তোষ প্রকাশ করেন।
অতঃপর সভাপতি মহোদয় দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেফাকের ভারপ্রাপ্ত সিনিয়র সহ-সভাপতি ও মহাসচিব আল্লামা আব্দুল কুদ্দুস, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, আল্লামা নুরুল ইসলাম জিহাদী, আল্লামা সাজিদুর রহমান, মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা আনাস মাদানী, মুফতি নুরুল আমিন এবং মাওলানা ছফিউল্লাহ।
আরো পড়ুন: অনিয়মের অভিযোগে বেফাকের সব দায়িত্ব থেকে স্থায়ীভাবে বরখাস্ত ৩
















