সড়ক দুর্ঘটনা: জানাযায় শরীক হতে গিয়ে লাশ হলেন ৮ জন

ইসলাম টাইমস ডেস্ক: ময়মনসিংহের ফুলপুরে আত্মীয়ের জানাযায় অংশগ্রহণ করতে যাওয়া একই পরিবারের ৩ জনসহ ৮ জন নিহত হয়েছেন সড়ক দুর্ঘটনায় । এ ঘটনায় আরও ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

আত্মীয়ের জানাজায় অংশ নিতে শেরপুরের নালিতাবাড়ী যাওয়ার পথে মঙ্গলবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন।

নিহতরা হলেন- শামসুল হক (৬৫), নবী হোসেন (৩০), মিলুয়ারা বেগম (৫৫), রিপা খাতুন (৩০), রেজিয়া খাতুন (৫৩), পারুল আক্তার (৫০), বেগম (৩০), বুবলি আক্তার (৭)।

ওসি ইমারত হোসেন জানান, আত্মীয়ের জানাজায় অংশ নেওয়ার জন্য ময়মনসিংহের ভালুকা থেকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় যাচ্ছিলেন স্বজনরা। পথে ফুলপুর ছনধরা ইউনিয়নের বাঁশাটি গ্রামে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি পুকুরে পড়ে যায় তাদের বহনকারী মাইক্রোবাসটি। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধারকাজ শুরু করে ফায়ার সার্ভিস।

এ সময় শিশুসহ ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের মধ্যে একই পরিবারেরই তিন সদস্য রয়েছেন। তারা হলেন- শাহজাহানের মা (মিলুয়ারা বেগম), স্ত্রী (বেগম), ও মেয়ে (বুলবুলি)।

দুর্ঘটনায় জীবিত উদ্ধার করা হয় ছয়জনকে।

জীবিতরা হলেন- শাহজাহান (৪০), শারফুল (৩৬), মিজান (২৮), হাবিব (৫৫), রাজু (২৭), রতন (৫৫)।

জানা গেছে, শাহজাহান ও শারফুলের খালাতো ভাই হাসেম এর জানাজায় যাচ্ছিলেন সবাই।

নিহতদের বাড়ি ময়মনসিংহের ভালুকা ও গফরগাঁও উপজেলায়। তারা সবাই আত্মীয়-স্বজন বলে জানা গেছে।

পূর্ববর্তি সংবাদএমপি হারুন ও পাপুলের পদ কেন শূন্য হবে না জানতে রুল জারি
পরবর্তি সংবাদ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ ইস্যুতে ষড়যন্ত্র হলে তৌহিদী জনতা মেনে নেবে না: আল্লামা বাবুনগরী