ইসলাম টাইমস ডেস্ক: করোনা ভাইরাসের কারণে দীর্ঘ প্রায় পাঁচ মাস যাবত বন্ধ ছিল দেশের কওমী মাদরাসাগুলো। এ দীর্ঘ সময়ে বিশেষভাবে রমযানের পর থেকে মাদরাসাগুলো খুলে দিতে সরকারের নিকট দাবি জানিয়ে আসছিলেন কওমী মাদরসার বিভিন্ন নেতৃস্থানীয় সংস্থা ও নেতৃবৃন্দ। ইতিপূর্বে গত ১২ জুলাই হিফজ বিভাগগুলো খোলার অনুমতি দিয়েছিল সরকার। কিন্তু খোলেনি কিতাব বিভাগ।
পরবর্তীতে দেশের কওমী মাদরাসাগুলোর সমন্বিত শিক্ষাবোর্ড আলহাইআতুল উলয়া লিলজামাআতিল কওমিয়া বাংলাদেশ -এর পক্ষ থেকে সরকারের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ করা হলে অচিরেই মাদরাসার কিতাব বিভাগ খুলে দেওয়ার ব্যাপারে ইঙ্গিত পাওয়া গেছে।
আজ বিকেলে হাইআর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। তবে এখনও এ ব্যাপারে কোনো প্রজ্ঞাপন জারী হয়নি বা সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা আসেনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আল-হাইআতুল উলয়া বাংলাদেশ কর্তৃক গঠিত সাব-কমিটি মাদরাসা খোলার বিষয়ে গত ১২ আগস্ট ২০২০, বুধবার আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রী বরাবর লিখিত পত্রসহ ক্যাবিনেট সচিবের সঙ্গে সাক্ষাত করেন এবং তার মধ্যস্থতায় প্রধানমন্ত্রীর নিকট ওই পত্র পৌঁছান। ওই পত্রের জবাবে ক্যাবিনেট সচিব মহোদয় সাবকমিটির আহবায়ক মাওলানা মাহফুজুল হক সাহেবকে ফোনে জানান, আপনারা প্রস্তুতি শুরু করতে পারেন। ২/১ দিনের মধ্যে বিষয়টি নিশ্চিত করা হবে।
হাইআর এই সাবকমিটিতে আহবায়ক মাওলানা মাহফুজুল হক ছাড়াও আরো ছিলেন মাওলানা নূরুল আমীন, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মুফতী মোহাম্মাদ আলী, মাওলানা আবদুল হালীম বোখারী, মুফতী রুহুল আমীন, মাওলানা আবদুল বাসীর এবং মাওলানা মাহমুদুল আলম।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, যেহেতু ক্যাবিনেট সচিব মহোদয় নিশ্চিতভাবে জানানোর জন্য ২/১ দিন সময় নিয়েছেন, এ জন্য আল-হাইআতুল উলয়া অগ্রীম কিছু বলা পছন্দ করেনি। একটি জাতীয় ও দায়িত্বশীল প্রতিষ্ঠান ব্যক্তিবিশেষের মৌখিক কথার ভিত্তিতে কিছু ঘোষণা দিতে পারে না।
হাইআর পরীক্ষার তারিখ ও প্রক্রিয়া সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আল-হাইআতুল উলয়া বাংলাদেশ এর পরীক্ষা উপকমিটির সভা আহ্বান করা হয়েছে আগামী শনিবার, ২২ আগস্ট ২০২০ এবং স্থায়ী কমিটির সভা আহ্বান করা হয়েছে আগামী সোমবার, ২৪ আগস্ট ২০২০।
পরীক্ষার তারিখ নির্ধারণ এবং পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সভায় আলোচনা হবে।
এর আগে আজ জাতীয় দীনি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সহ-সভাপতি ড. মাওলানা মুশতাক আহমদ তার ফেসবুকে মাদরাসা খোলার বিষয়ে এই তথ্য জানান।
তবে সুনির্দিষ্টভাবে কবে থেকে মাদরাসাগুলো খুলে দেওয়া হবে সেটা এখনো জানা যায়নি।
















