সংবিধানে ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ বাদ চেয়ে আইনি নোটিশ প্রত্যাহার

ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশের সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিয়ে ধর্মনিরপেক্ষতা লেখার দাবি জানিয়ে প্রেরণ করা আইনি নোটিশটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বুধবার (১৯ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্টের আইনজীবী অশোক কুমার ঘোষ নোটিশ প্রত্যাহারের তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পবিত্র সংবিধান ২ক অনুচ্ছেদে রাষ্ট্রধর্ম ইসলাম সংযোজন করা হয়েছে। এই অনুচ্ছেদটি পরিবর্তনের জন্য অশোক কুমার সাহার পক্ষে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করার জন্য একটি আইনি নোটিশ প্রেরণ করেছিলাম। কিন্তু বিষয়টি নিয়ে আপাতত রিট পিটিশন দায়ের করা হবে না। ভবিষ্যতে রাজনৈতিকভাবে রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করা হবে। তাই আপাতত আইনি নোটিশ প্রত্যাহার করা হলো।’

এর আগে সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিয়ে ধর্মনিরপেক্ষতা লেখার দাবিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, বিএনপি মহাসচিব, জাতীয় পার্টির মহাসচিব, গণফোরামের ড. কামাল হোসেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (জাসদ) হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেননকে একটি আইনি নোটিশ প্রদান করা হয়েছিল। বাংলাদেশ মাইনরিটি সংগ্রাম পরিষদের সভাপতি অশোক কুমার সাহার পক্ষে এ আইনি নোটিশ পাঠানো হয়।

উল্লেখ্য, নোটিশ পাঠানোর পর থেকে সামাজিক মাধ্যমে দেশের সাধারণ মানুষ বিশেষত আলেমগণ সরব হয়ে ওঠেন। ইতিমধ্যে আলেমদের বিভিন্ন প্রতিনিধিবর্গ নোটিশটির বাতিল চেয়ে মানববন্ধন করেন এবং রাজপথে নামারও হুমকি দেন। এমতাবস্থায় দুয়েক দিনের মাথায় নোটিশটি প্রত্যাহারের ঘোষণা এল।

 

পূর্ববর্তি সংবাদসিরিয়া বোমা বিস্ফোরণ: রুশ মেজর জেনারেল নিহত
পরবর্তি সংবাদসীমান্তে চীন-পাকিস্তানের চোখ এড়িয়ে যাতায়াতে নতুন রাস্তা তৈরি করছে ভারত