সাতক্ষীরায় জোয়ারের পানিতে বেড়িবাঁধ ভেঙ্গে ৫ গ্রাম ও চিংড়ি ঘের প্লাবিত

ইসলাম টাইমস ডেস্ক: থেমে থেমে দমকা হাওয়া ও জোয়ারের পানির চাপে সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি উপজেলার ৫টি গ্রাম প্লাবিত হয়েছে। গ্রামজুড়ে থাকা দুই শতাধিক চিংড়ি ঘের পানিতে সয়লাব হয়ে গেছে। কিছু সংখ্যক বসতবাড়িও প্লাবণের মুখে পড়েছে।

শ্যামনগরের গাবুরা ইউপি চেয়ারম্যান জিএম মাসুদুল জানান, তার ইউনিয়নের লেবুবুনিয়ায় গত ২০ মে আম্পানে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কার করে রাখা হয়েছিল। কিন্তু বুধবার রাত থেকে বৃহস্পতিবার দিনভর দমকা হাওয়া, বৃষ্টি ও জোয়ারের চাপে তা ভেঙে খোলপেটুয়া নদীর পানিতে সয়লাব হয়ে গাবুরা গ্রাম, নেবুবনিয়া গ্রামসহ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। তিনি জানান, বেড়িবাঁধের ছয়টি পয়েন্ট ধসে গেছে। এতে সংলগ্ন এলাকার চিংড়ি ঘের ও বসতবাড়ি ছাড়াও ফসলি ক্ষেত পানিতে প্লাবিত হয়েছে।

আশাশুনি উপজেলার ভাইস চেয়ারম্যান অসীম চক্রবর্তী জানান, শ্রীউলা ইউনিয়নের দয়ারঘাট এলাকায় বেড়িবাঁধ ভেঙে ৩টি গ্রাম প্লাবিত হয়েছে খোলপেটুয়া নদীর পানিতে। বাঁধ সংস্কারের আয়োজন চললেও বৃষ্টি ও জোয়ারের কারণে তা বাধাগ্রস্ত হচ্ছে।

জানতে চাইলে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড ১ ও ২ এর নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের ও সুধাংশু সরকার জানান, এখন তীব্র জোয়ার। তাছাড়া আবহাওয়া অনুকূলে নয়। একটু শান্ত অবস্থায় না ফেরা পর্যন্ত সংস্কার কাজ করা যাচ্ছে না।

পূর্ববর্তি সংবাদএকুশে আগস্টের কুশীলবরা এখনও ষড়যন্ত্র করছে: তথ্যমন্ত্রী
পরবর্তি সংবাদসিনহার হত্যার তদন্ত প্রতিবেদন আবারও এক সপ্তাহ পেছাল