এবছর হচ্ছে না বেফাকের কেন্দ্রীয় পরীক্ষা, শিক্ষার্থীরা ফেরত পাচ্ছেন ৫০% ফি

ইসলাম টাইমস ডেস্ক: শিক্ষার্থীদের ৫০% ফি ফেরত দিয়ে এবছর বেফাকের সর্বস্তরের কেন্দ্রীয় পরীক্ষা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের কওমি মাদরাসাগুলোর সর্ববৃহত শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া। মিশকাত জামাতের সনদ এবং আগামী বছরের দাওরা হাদীস পরীক্ষার বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। তবে হিফজ বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ বেফাক মহাপরিচালকের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেফাকের আওতাধীন সব মাদরাসার ৪৩তম ফযীলত, সানাবিয়া, মুতাওয়াসসিতাহ, ইবতিদাইয়্যাহ মারহালার কেন্দ্রীয় পরীক্ষা বাতিল করা হয়েছে। হিফজুল কুরআন ও ইলমুল কিরাআত মারহালা ব্যতীত অন্য মারহালার শিক্ষার্থীদের ফির ৫০% ফেরত দেয়া হবে।

আগামী বছর মিশকাতের পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে হাইয়াতুল উলইয়ার তাকমিল পরীক্ষায় অংশ নিতে পারবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহ সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন রাজু।

এবছর মেশকাতের বোর্ড পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের মেশকাতের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে সনদ প্রদান করা হবে। প্রত্যেক মাদরাসা তাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার নম্বর দিয়ে সনদ তৈরির সুযোগ রয়েছে বলে জানান তিনি।

এদিকে আগামী ৫ সেপ্টেম্বর থেকে তাহফিজুল কুরআন ও কিরাত বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা জানানো হয়েছে  বেফাকের সহকারী মহাপরিচালক ও ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহাম্মদ যুবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর তাহফীযুল কুরআন ও ইলমুল ক্বিরাআত বিভাগের ৪৩তম কেন্দ্রীয় পরীক্ষা আগামী ৫ই সেপ্টেম্বর ২০২০ইং রােজ শনিবার হতে ১০ই সেপ্টেম্বর ২০২০ইং রােজ বৃহস্পতিবার পর্যন্ত যথানিয়মে অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সকল মাদরাসা কর্তৃপক্ষ ও পরীক্ষার্থীদের প্রয়ােজনীয় প্রস্তুতি গ্রহণ করতে নির্দেশ প্রদান করেছে বোর্ড।

পূর্ববর্তি সংবাদকারামুক্ত হলেন ওসি প্রদীপের নির্যাতনের শিকার সাংবাদিক মোস্তফা
পরবর্তি সংবাদ‘৫১ জনকে খুন করার পরও সন্ত্রাসী বেঁচে থাকার সুযোগ পাওয়ায় আমরা মনক্ষুণ্ণ’