সখের মোটরসাইকেল চালাতে গিয়ে কাভার্ডভ্যানের চাপায় নিহত দুই শিক্ষার্থী

ইসলাম টাইমস ডেস্ক: সখের মোটরসাইকেল চালাতে গিয়ে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল দুই শিক্ষার্থীর। চাঁদপুরের মতলব উত্তরে মর্মান্তিক এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহতরা হচ্ছেন, সিজান ও রাহিম। গতকাল রবিবার বিকেলে উপজেলার গজরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে এদের মধ্যে স্কুলছাত্র সিজান ঘটনাস্থলে এবং কলেজছাত্র রাহিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিকেল ৫টায় গজরা বাজারের পাশের  টরকিকান্দা চৌরাস্তায় পণ্যবাহী কাভার্ডভ্যানের চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী সিজান (২০) ঘটনাস্থলে নিহত হন। এই ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী রাহিম (২২) গুরুতর আহত হন। তাদের দুজনের মধ্যে সিজানের বাড়ি মতলব উত্তরের এখলাসপুর এবং রাহিমের লুধুয়া গ্রামে।

গুরুতর আহত রাহিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তবে রাত সাড়ে ৯টায় সেখানে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধা জানান, দুর্ঘটনার জন্য দায়ী কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো উ-১২-১৫৩৮) এবং তার চালক মোবারক হোসেনকে আটক করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় একটি স্কুলে দশম শ্রেণিতে সিজান এবং একাদশ শ্রেণিতে রাহিম পড়াশোনা করতেন।

মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারান সিজান ও রাহিম।

পূর্ববর্তি সংবাদলেবাননের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন রাষ্ট্রদূত মুস্তফা আদিব
পরবর্তি সংবাদনাটোরে মসজিদ মার্কেটে ব্যবসায়ীকে কুপিয়ে জখম করল মাস্ক পরা দুর্বৃত্তরা