ইসলাম টাইমস ডেস্ক : আফগান যুদ্ধের অবসানের পথ খুঁজতে আবারও আলোচনায় বসছে তালেবান ও মার্কিন প্রতিনিধিগণ। আজ সোমবার সংযুক্ত আরব আমিরাতে এই মিটিং হওয়ার কথা রয়েছে।
তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ এক টুইট বার্তায় এই খবর নিশ্চিত করেছেন।
আজকের বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্র ছা্ড়াও সৌদি আরব, পাকিস্তান, ও আরব আমিরাতের প্রতিনিধিদের অংশগ্রহণের কথা রয়েছে।
আফগান সরকার পরিচালিত বাখতার নিউজ এজেন্সির পরিচালক খলিল মিনওয়াভি আল জাজিরাকে বৈঠকের খবর নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, পাকিস্তানের উদ্যোগে তালেবান-মার্কিন বৈঠকের পূর্বে গতকাল রোববার যুক্তরাষ্ট্র, আফগানিস্তান, পাকিস্তান ও আরব আমিরাতের প্রতিনিধিগণ বৈঠক করেছেন।
তবে তালেবানের আপত্তির মুখে আজকের বৈঠকে আফগান সরকারের কোনো প্রতিনিধি উপস্থিত থাকবেন না। কারণ, তাদের উপস্থিতি উভয়পক্ষের স্বাধীন ও ফলপ্রসূ আলোচনাকে বাধাগ্রস্থ করতে পারে।
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট তালেবানের সঙ্গে মার্কিন বৈঠকের খবর গণমাধ্যমকে না জানালেও তারা কখনও তা অস্বীকার করেনি।
সূত্র : আল জাজিরা, রয়টার্স
















