ফের লেবাননে ম্যাক্রোঁ: নতুন প্রধানমন্ত্রীকে কী বলে গেলেন

ইসলাম টাইমস ডেস্ক: বৈরুতে বিস্ফোরণের এক মাসেরও কম সময়ের ব্যবধানে সোমবার (৩১ আগস্ট) ম্যাক্রোঁ দ্বিতীয়বার বৈরুত সফর করেন। আগামী তিন মাসের মধ্যে দেশ পুনর্গঠনের কাজ শুরু করতে না পারলে লেবাননের রাজনীতিকদের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। সেই সঙ্গে আন্তর্জাতিক ত্রাণ সহায়তা বন্ধেরও হুমকি দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট।

গত ৪ আগস্ট রাজধানী বৈরুতের বন্দর এলাকায় ভয়াবহ বিস্ফোরণে নগরীর অর্ধেকটাই ধ্বংসস্তুপে পরিণত হয়। এরপর জনরোষের মুখে গত ১০ আগস্ট হাসান দিয়াব সরকার ক্ষমতা থেকে সরে দাঁড়ায়।

সোমবার ম্যাক্রোঁ বৈরুত পৌঁছানোর কয়েক ঘণ্টা আগে মুস্তাফা আদিবকে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়। প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পরপরই আদিব দ্রুত একটি সরকার গঠন এবং শাসন ব্যবস্থায় তাৎক্ষণিক সংস্কারের ডাক দিয়েছেন। তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গেও একটি চুক্তি করতে চান।

ম্যাক্রোঁ বলেন, লেবাননের নেতাদের কাছে আগামী ছয় থেকে ১২ মাসের মধ্যে একটি নির্বাচন আয়োজনসহ ‘বিশ্বাসযোগ্য প্রতিশ্রুতি’ এবং ‘নিয়মিত তদারকির মাধ্যমে একটি কার্যকর উন্নয়ন ব্যবস্থা’ চাই।

লেবাননের দুর্নীতি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক চাপ বাড়াতে এবং দেশটির রাজনৈতিক সংস্কার ও অর্থনীতি পুনরুদ্ধারে মূল ভূমিকায় থেকে কাজ করছেন ম্যাক্রোঁ।

সফরে ফরাসি প্রেসিডেন্ট ধ্বংস্তুপে পরিণত হওয়া বৈরুত বন্দর পরিদর্শনে যান। এছাড়া তিনি লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন এবং অন্যান্য ক্ষেত্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে।

গেল বছরের শেষ দিকেই দেশটিতে নানা ধরনের সমস্যা শুরু হয়। মূলত মুদ্রামানে ব্যাপক ধস নামে। তখন অর্থনৈতিক এবং রাজনৈতিক সংস্কারের দাবিতে রাজপথে আন্দোলনে নামেন দেশটির সাধারণ মানুষ।

পূর্ববর্তি সংবাদই-ভ্যালীর ব্যবসা পর্যালোচনায় ৭ সদস্যের কমিটি গঠন, নেই ইসলামী আইনবিদদের কেউ
পরবর্তি সংবাদবিচ্ছেদের হার বাড়তে থাকায় সমাজে ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা সমাজ বিজ্ঞানীদের