সাইফ নূর ।।
বৃটেনের অধিবাসী জনপ্রিয় ইউটিউবার জে জর্জ উইলিয়াম প্লাফরি ওরফে জে প্লাফরি ইসলামগ্রহণ করেছেন।
নওমুসলিম এ ইউটিউবার তার ইউটিউব চ্যানেলে ‘আমি ইসলাম গ্রহণ করেছি’ শিরোনামে একটি ভিডিও শেয়ার করেন। যেখানে তার বক্তব্য ছিল, আমি এটা কারো সঙ্গে শেয়ার করতে আগ্রহী ছিলাম না; কিন্তু আমার ইসলামে দীক্ষিত হওয়ার সফর থেকে অনেকেই অনেক কিছু শিখতে পারেন।
জে প্লাফরি বলেন, আমার কর্তব্য হলো, সবার সামনে ইসলামের পয়গাম তুলে ধরা। যা একত্ববাদ, ভালোবাসা এবং শান্তির কথা বলে।
তিনি জানান, কিছুদিন পূর্বে তিনি তুরস্কের সোলাইমানিয়া মসজিদ দেখতে যান আর তখনই তিনি তার জীবনের সবচে বড় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি গ্রহণ করেন।
৭ মিনিট ২৫ সেকেন্ডের এ ভিডিওতে তাকে ইস্তাম্বুলের সুলাইমানিয়া মসজিদে কালিমায়ে শাহাদাত পাঠ করে ইসলামগ্রহণ করতে দেখা যায়।
জে প্লাফরি বলেন, সারা পৃথিবী ভ্রমণ করার সময় বিস্ময়কর সব মানুষের সঙ্গে আমার সাক্ষাত হয়েছে। এ অসাধারণ সফরে আমি অনেক কিছু শিখেছি এবং বহু অভিজ্ঞতা অর্জন করেছি। কিন্তু এর পাশাপাশি আমি আধ্যাত্মিক জগতকেও উপলব্ধি করার সুযোগ পেয়েছি।
তিনি বলেন, মুসলিম দেশগুলোতে থাকাকালীন আমার ইসলামের সত্যতার উপলব্ধিও ঘটে। যা ভীষণ সুন্দর ও শান্তিময়; কিন্তু সবচে বেশি ভুল বুঝাবুঝির শিকার ধর্ম।
তিনি বলেন, ইসলামকে বুঝার পর আমি এটা অনুভব করি যে, ইসলামই সেই পথ, বছরের পর বছর আমি যার খোঁজে ছিলাম।
এই বিখ্যাত ইউটিউবার বলেন, সারা বিশ্বে অনেক মানুষ আজো ইসলামের মৌলিক বিষয়গুলো নিয়ে সমালোচনা, সংশয় ও ভুল বুঝাবুঝির শিকার। অথচ ইসলাম শান্তি-নিরাপত্তা, ঐক্য-সম্প্রীতি ও ভালোবাসার শিক্ষাদানকারী ধর্ম।
ভিডিওটির শেষদিকে জে প্লাফরি তার সকল ভক্ত ও ফলোয়ারদের শুকরিয়া জানান। উল্লেখ্য, জে প্লাফরি বৃটেনের একজন বিখ্যাত ইউটিউবার, যার ইউটিউবের সাবস্ক্রাইবারদের সংখ্যা ৫ লাখ ৩৪ হাজারেরও অধিক।
















