ইসলাম টাইমস ডেস্ক: প্রথম ধাপে টিকটক-সহ ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করার পর এবার পাবজিসহ আরও ১১৮টি চীনা অ্যাপ নিষিদ্ধ করল ভারতের মোদী সরকার। ভারতে এই অ্যাপগুলি আর ডাউনলোড করা যাবে না। কাজ করবে না ডাউনলোড করা অ্যাপও। এই নিয়ে সব মিলিয়ে ২২৪টি চিনা অ্যাপ নিষিদ্ধ হল ভারতে। খবর আনন্দবাজারের।
ভারতের কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সূত্রে জানানো হয়েছে, তথ্যপ্রযুক্তি আইনের ৬৯এ ধারায় এই অ্যাপগুলি নিষিদ্ধ করা হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, এই সব অ্যাপ এমন কাজকর্মে লিপ্ত, যা ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা, প্রতিরক্ষা, নিরাপত্তা এবং জনস্বার্থের পরিপন্থী। কোটি কোটি ভারতীয় মোবাইল ও ইন্টারনেট ব্যবহারকারীর নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।
গত ১৫ জুন গালওয়ান উপত্যকায় বিতর্কিত নিয়ন্ত্রণরেখায় সেনা সংঘর্ষে ভারতের এক কমান্ডার পর্যায়ের অফিসার ও ১৯ জন জওয়ানের মৃত্যু হয়েছিল। তার পর থেকেই নয়াদিল্লি-বেজিং সঙ্ঘাত চরমে। তার জেরে গত ২৯ জুন টিকটক, ইউসি ব্রাউজার, শেয়ারইট, উইচ্যাট, ভিগো লাইভ-সহ মোট ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করেছিল ভারতের কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। তার কিছুদিন পরে ওই সব অ্যাপের সহযোগী আরও ৪৯টি বাতিল করা হয়েছিল। একই সঙ্গে ভারতের কেন্দ্র সরকার জানিয়েছিল, সব মিলিয়ে ২৫০টি চিনা অ্যাপে নজরদারি চালাচ্ছে কেন্দ্র। সেই তালিকা থেকেই ১১৮টি অ্যাপ নিষিদ্ধ করা হল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
আরো পড়ুন: ‘লট বক্স’: যে নেশার চক্রে ভিডিও গেমসে সব সঞ্চয় উড়িয়ে দিচ্ছে হাজারো কিশোর-তরুণ
















