মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় আহতের সংখ্যা বেড়ে ৪০, নিহত ১

ইসলাম টাইমস ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পশ্চিম তল্লা এলাকায় বাইতুছ সালাত জামে মসজিদের এয়ার কন্ডিশনারে (এসি) ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এ সময় এখন পর্যন্ত ৪০ দগ্ধ ও ১ জন নিহতের খবর পাওয়া গেছে। আহতদের ৩৮ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। তারা সবাই আশংকাজনক।  মসজিদ কমিটির সেক্রেটারি আব্দুল হান্নান (৫৫) ঢাকা নেয়ার পথে মারা গেছেন।

বিষয়টি নিশ্চিত করেন তার ‍দুসম্পর্কের ভাই দেলোয়ার হোসেন।

জানা যায়, ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদের এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের ঘটনা ঘটেছে বাদ এশা। জামায়াত শেষের পরপরই মসজিদের দরজা সংলগ্ন এসি বিস্ফোরণ ঘটে।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১১ নং ওয়ার্ড কাউন্সিলর জমসের আলী জন্টু বলেন, আহতদের নারায়ণগঞ্জের ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়া হলে তাদের এ অবস্থায় ফ্লোরে রাখা হয়েছে। তাদের বেশির ভাগ ৬০ থেকে ৭০ ভাগ পুড়ে গেছে।

তিনি আরো বলেন, ঘটনার পর মুহুর্তেই মসজিদের সামনে গিয়ে দেখি মুসল্লিরা একের পর এক মসজিদে পড়ে আছে।

ওয়ার্ড কাউন্সিলর বলেন, পাশে থাকা একটি ট্রান্সফর্মার প্রথম বিস্ফোরিত হয়। এতে অনেকের গায়ে গরম তেল ছড়িয়ে পড়ে। এসময় মসজিদের এসিও বিস্ফোরিত হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের টিম কাজ করছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন জানান, এইমাত্র আটজনকে নারায়ণগঞ্জ থেকে আনা হয়েছে। তবে এই ঘটনায় আরো আহত আছে বলে আমরা জানতে পেরেছি। তাদের চিকিৎসা চলছে।

আরো পড়ুন:নারায়ণগঞ্জে মসজিদের এসি বিস্ফোরণে ৩০ মুসল্লি দগ্ধ, অবস্থা আশঙ্কাজনক

পূর্ববর্তি সংবাদনারায়ণগঞ্জে মসজিদের এসি বিস্ফোরণে ৩০ মুসল্লি দগ্ধ, অবস্থা আশঙ্কাজনক
পরবর্তি সংবাদভারতীয় গণমাধ্যমের দাবি: নয়াদিল্লির অনুরোধে পাকিস্তানকে অস্ত্র না দেওয়ার সিদ্ধান্ত রাশিয়ার