ইসলাম টাইমস ডেস্ক: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় নিখোঁজের একদিন পর এক মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ছাত্রের নাম দিদার ফকির (১৬)।
নিহত দিদার ফকির একই গ্রামের নাসির ফকিরের ছেলে ও দিগনগর ফাজিল মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, দিদার ফকির রোববার সন্ধ্যায় মাছ ধরার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়রা সোমবার বিকালে একই এলাকার মনির হাফিজের পুকুরে দিদারের লাশ ভাসমান অবস্থায় দেখে পুলিশে খবর দেন।
পুলিশ লাশ উদ্ধার করে মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত দিদার ফকিরের বোন নাসরিন আক্তার জানান, আমার ভাইকে হয়তো কেউ হত্যা করে ওই পুকুরে ফেলে রেখে গেছে। আমি এর বিচার চাই।
মুকসুদপুরের সিন্দিয়াঘাট ফাঁড়ির ইনচার্জ আবুল বাসার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর রহস্য জানা যাবে।
















