বুধবার থেকে ট্রেনের শতভাগ টিকিট বিক্রি শুরু

ইসলাম টাইমস ডেস্ক: সাড়ে তিন মাস সীমিত আকারে চলার পর আগামীকাল বুধবার থেকে শতভাগ যাত্রী নিয়ে ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে (বিআর)।

ট্রেনের টিকিটের অর্ধেক স্টেশনে, আর বাকি অর্ধেক অনলাইনে ও মোবাইল অ্যাপের মাধ্যমে বিক্রি হবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার মন্ত্রণালয়ে এ বিষয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠকে রেলমন্ত্রী মো: নুরুল ইসলাম সুজন উপস্থিত ছিলেন।

রেলপথ মন্ত্রণালয়ের পিআরও শরীফ আলম ইউএনবিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৫০ ভাগ টিকিট অনলাইনে এবং ৫০ ভাগ টিকিট কাউন্টারে বিক্রি করা হবে।

মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শরিফুল আলম স্বাস্থ্যবিধির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘স্বাস্থ্য সুরক্ষার সব ধরনের নির্দেশনা মেনেই ট্রেন চলাচল করবে।’

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়া ঠেকাতে দীর্ঘদিন পর আট জোড়া আন্তঃনগর ট্রেন চালুর মধ্যে দিয়ে ৩১ মে ট্রেন চলাচল সেবা পুনরায় চালু হয়। স্বাস্থ্যঝুঁকি এড়াতে ৩০ মে থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু করে বাংলাদেশ রেলওয়ে।

গত ১২ সেপ্টেম্বর থেকে কাউন্টারে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। ওইদিন থেকে ট্রেনের টিকিট ২৫ শতাংশ অনলাইনে এবং বাকি ২৫ শতাংশ কাউন্টার থেকে বিক্রি করা শুরু হয়। বাকি আসন খালি রাখা হতো।

এছাড়া ১৬ সেপ্টেম্বরের মধ্যে রেল তাদের বহরে আরো ২৪টি লোকাল ও কমিউটার ট্রেন যুক্ত করবে বলে গত ৮ সেপ্টেম্বর রেলওয়ের উপ-পরিচালক (ট্রাফিক পরিবহন) খায়রুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সূত্র : ইউএনবি

পূর্ববর্তি সংবাদকুড়িগ্রামে আগুনে পুড়ে গেলো ৬০০ মন পাট
পরবর্তি সংবাদজাতিসংঘের ৩ সংস্থার নির্বাহী বোর্ডের সদস্য হলো বাংলাদেশ