আল্লামা আহমদ শফীর ইন্তেকালে ইসলামী দলগুলোর গভীর শোক প্রকাশ

ইসলাম টাইমস ডেস্ক: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সদরে মুহতামিম আল্লামা শাহ আহমদ শফীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছে দেশের ইসলামি রাজনৈতিক দলসমূহ।

শুক্রবার গণমাধ্যমে পৃথক পৃথক শোকবার্তা প্রেরণ করেন খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, শাহবাগের ইসলাম বিদ্বেষী নাস্তিক মুরতাদ বিরোধী আন্দোলনে আল্লামা শাহ আহমদ শফীর ভূমিকা চির স্মরণীয় হয়ে থাকবে।

আল্লামা শাহ আহমদ শফি দীনি শিক্ষার প্রচার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি কাওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড- বেফাকের চেয়ারম্যাান এবং আল হাইয়াতুল উলইয় লিল জামায়াতিল কাওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমসাময়িক কালের আধ্যাত্মিক জগতের রাহবর আল্লামা শফি শিরক, বেদাতের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলেন। তার মৃত্যুতে সৃষ্ট শূণ্যতা পূরণ হবার নয়।

শোক বার্তায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেছেন, আল্লামা আহমদ শফি ছিলেন ভারত স্বাধীনতা আন্দোলনের সিপাহসালার সায়্যেদ হুসাইন আহমাদ মাদানী রহ. এর অন্যতম খলিফা ও উপমহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ। তিনি ছিলেন নাস্তিক মুরতাদ ও বাতিল বিরোধী আন্দোলনের অগ্রনায়ক।

আল্লামা আহমদ শফি ছিলেন মুসলিম উম্মাহর একজন অন্যতম রাহবার ও ওলামায়ে কেরামের ঐক্যের প্রতীক। কুরআন-হাদিস প্রচার-প্রসারে তাঁর অপরিসীম ত্যাগ ও অবদান জাতির কাছে চির স্মরণীয় হয়ে থাকবে।

এদিকে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির আল্লামা সরওয়ার কামাল আজিজী, সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার ও ঢাকা মহানগর আমির মাওলানা হাফেজ আবু তাহের খান।

নেতৃবৃন্দ আজ এক শোকবার্তায় বলেন, আল্লামা শাহ আহমদ শফী একটি বর্ণাঢ্য ইতিহাসের নাম। বাংলাদেশের ইসলামী আকাশে এক উজ্জল নক্ষত্রের নাম। তাঁর ইন্তেকালে জাতি একজন প্রকৃত অভিভাবককে হারালো। তাঁর ইন্তেকালে যে ইসলামী জগতের যে ক্ষতি হয়ে গেল তা কখনো পুষিয়ে নেবার মত নয়।

প্রদত্ত শোক বাণীতে নেতৃবৃন্দ মরহুম আল্লামা শাহ আহমদ শফীর ইন্তিকালে রুহের মাগফিরাত কামনা করে তাঁর জন্য জান্নাতুল ফিরদাউস কামনা করে মহান আল্লাহর দরবারে দু’য়া করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

পূর্ববর্তি সংবাদ৪ লাখ ভারতীয় রুপিসহ উপজেলা ছাত্রলীগ নেতা আটক
পরবর্তি সংবাদনান্দাইলে অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই