ইসলাম টাইমস ডেস্ক: দেশের শ্রদ্ধাভাজন শীর্ষ আলেমে দ্বীন, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ও আল হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান, দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সদরুল মুহতামিম আল্লামা শাহ আহমদ শফীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিখ্যাত ইসলামী ব্যক্তিত্ব শাইখুল ইসলাম আল্লামা তাকী উসমানী।
শনিবার চট্টগ্রামের তরুণ আলেম মাওলানা তকীর নিকট প্রেরিত এক অডিও বার্তায় তিনি এ শোক জানান।
আল্লামা তকী উসমানী তার অডিও বার্তায় বলেন, ‘‘হযরত মাওলানা আহমদ শফী সাহেবের ইন্তেকালের সংবাদটি ভীষণ বেদনার সৃষ্টি করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
হযরত মাওলানা আহমদ শফী সাহেব- আল্লাহ তাআলা তার দারাজাত বুলন্দ করুন- তার খেদমত ও অবদানসমূহ শুধু বাংলাদেশেই নয়; বরং পুরো উপমহাদেশব্যাপী বিস্তৃত। তাঁর স্তরের আলেম এবং এমন আল্লাহওয়ালা খুবই কম জন্মগ্রহণ করেন। তার ব্যক্তিত্ব অনেক বড় সম্পদ ছিল উম্মাহর জন্য। আল্লাহ তাআলা নিজ ফযল ও করমে তার দারাজাত বুলন্দ করুন, জান্নাতুল ফিরদাউস নসীব করুন।
তার উত্তরসূরী ও পরিজনদের সবরে জামিল দান করুন। সব ধরনের অনিষ্ট থেকে রক্ষা করুন। মাদরাসাকে আল্লাহ তাআলা হেফাযত করুন। তার ফুয়ূযকে সেভাবেই জারি রাখুন যেভাবে হযরত মাওলানা রহ.-এর যুগে ছিল।
আমার পক্ষ থেকে যেভাবে সম্ভব হয় এ শোকবার্তা তার পরিবার-পরিজনকে, জামিয়ার আসাতিযায়ে কেরামকেও এবং দায়িত্বশীল কর্তৃপক্ষকেও যদি পৌঁছে দেওয়া যায়, তাহলে আমি খুবই কৃতজ্ঞ হবো।
আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়র দান করুন যে, আপনি আমাকে এ সংবাদটি দিয়েছেন।’
ভাষান্তর: সাঈফ নুর।
















