ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশের একটি দৈনিক পত্রিকায় উপমহাদেশের মুসলমানদের স্বতঃসিদ্ধ ইতিহাসকে বিকৃত ও কটূক্তি করার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।
আজ ২৩ সেপ্টেম্বর একটি দৈনিকের উপসম্পাদকীয়তে “মালেকরাই গজনীর সুলতান, দেশটা সোমনাথ মন্দির” শিরোনামে একটি লেখা ছাপা হয়। যেখানে মুসলিম উম্মাহর মহান নেতা সুলতান মাহমুদ গজনভী রহ. কে অবমাননা করা হয়েছে। বিষয়টির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী ও মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।
গণমাধ্যমে প্রেরিত বিবৃতিতে তারা বলেছেন, অবিলম্বে মুসলিম সিপাহসালার সুলতান মাহমুদ রহ.কে হেয়প্রতিপন্ন ও ইসলাম অবমাননা করার অপরাধে লেখক পীর হাবিবুর রহমানকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।
তারা আরো বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের ড্রাইভার আ. মালেকসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দুর্নীতির কথা লিখতে গিয়ে পীর হাবিবুর রহমান সুলতান মাহমুদ গজনভী রহ.কে লুটেরা প্রমাণের অপচেষ্টা করেছে। অথচ দুর্নীতি ও লুটের মালকে যুদ্ধ লব্দ গনীমতের মালের সাথে তুলনা করা চরম ধৃষ্টতা।
প্রসঙ্গত, যুদ্ধ লব্ধ সম্পদ অর্থাৎ গনিমতের মাল ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ হালাল এবং বৈধ। গনীমতের সম্পদকে লুটের সম্পদ ও দুর্নীতির সম্পদের সাথে তুলনা করা ইসলাম সম্পর্কে চরম পর্যায়ের অজ্ঞতা। পাশাপাশি উগ্র হিন্দু ঐতিহাসিকদের বিকৃত ইতিহাসের উপর নির্ভর করে একজন মহান মুসলিম শাসককে অপমানিত করাও চরম অন্যায়। তবে দুর্নীতি, সুদ, ঘুষ ইত্যাদি ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ।
















