সমন্বয়ের অভাব: ভূমি অফিসের ডিজিটাল সেবা পাচ্ছেন না গ্রাহকরা

ইসলাম টাইমস ডেস্ক: ই-নামজারি থেকে শুরু করে নরসিংদী জেলা সদরের ভূমি অফিসের সব সেবা ডিজিটাল করা হয়েছে বেশ কিছুদিন আগেই। কিন্তু এখনও এনালগ সদরের ভূমি নিবন্ধন অফিস (সাব-রেজিস্ট্রি অফিস) এবং সেটেলমেন্ট জোন অফিস। ফলে এখানকার সেবাগ্রহীতারা পুরো ভুমি সেবা ডিজটালাইজেশনের সুফল পাচ্ছেন না। একইভাবে দেশের সব ভূমি অফিস জিডিটাল করা হয়নি। উপজেলা/থানা ভূমি ই-নাম জারি চালু হলেও সার্বিক ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল স্বপ্নই রয়ে গেছে, বাস্তবে রূপ নিচ্ছে না।

সংশ্লিষ্টরা বলছেন, এই পরিস্থিতিতে পুরো ভূমি ব্যবস্থাপনা ডিজিটালাইজেশন করতে হলে তিনটি প্রশাসনকে একযোগে কাজ করতে হবে। কিন্তু মন্ত্রণালয় আলাদা হওয়ায় তা সম্ভব হচ্ছে না। উপজেলা ভূমি অফিস, সাব-রেজিস্টি অফিস এবং সেটেলমেন্ট জোন অফিস পরিচালিত হচ্ছে সমান পদের আলাদা তিন কর্মকর্তা দিয়ে। এক কর্তৃপক্ষ অন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিতে পারে না বা অনুরোধ না রাখলেও কিছু করার নেই।  ফলে যে যার মতো করে চলছে। কেউ ডিজিটাল আবার কেউ এনালগ।

প্রসঙ্গত, ভূমি মন্ত্রণালয়ের অধীনে উপজেলা ভূমি অফিস ও আইন মন্ত্রণালয়ের নিবন্ধন অধিদফতের অধীনে ভূমি নিবন্ধন অফিস (সাব-রেজিস্টি অফিস) পরিচালিত হচ্ছে। আর ভূমি মন্ত্রণালয়ের অধীনে পরিচালতি জরিপ অধিদফতরের জোনভিত্তিক জরিপ অফিস পরিচালিত হচ্ছে স্বতন্ত্রভাবে। দুই মন্ত্রণালয়ের অধীনে আলাদা তিনটি কর্তৃপক্ষ দায়িত্ব পালন করছে।

সংশ্লিষ্টদের সুপারিশ তিন প্রশাসনকে এক কর্তৃপক্ষের অধীনে আনলে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যাবে, অন্যথায় নয়।  তবে ভূমি মন্ত্রণালয় বলছে ডিজিটালাইজ করা হচ্ছে। সব সেবা অনলাইনে আনতে কাজ করছে সরকার।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই কার্যক্রমের অংশ হিসেবে দেশের বিভিন্ন উপজেলায় ই-নামজারি কার্যক্রম শুরু করা হয়েছে। তবে ই-নামজারি ছাড়াও ভূমি অফিসে বিভিন্ন সেবা রয়েছে, যা চলছে এনালগ পদ্ধতিতে। দেশের দু-একটি উপজেলায় অন্যান্য সেবা শুরুর চেষ্টা করা হলেও বাস্তবে এখনও সম্ভব হয়নি। আর ভূমি অফিসের সব সেবা এখনও জিজিটাল হয়নি।  তবে প্রথম ভূমি অফিসের সব সেবা ডিজিটাল করা হয়েছে নরসিংদী জেলা সদরের ভূমি অফিসে।

নরসিংদী জেলা সদরের ভূমি অফিস সম্পর্কে জানা গেছে, ই-নামজারি, রেকর্ড রুম ও বাজার ব্যবস্থাপনা করা হয়েছে অনলাইনে। ভূমি অফিসে স্থাপন করা হয়েছে ডিজিটাল তথ্য সেবা বোর্ড। ভূমি অফিসের দালালদের তালিকার বোর্ড করা হয়েছে অনলাইনেও এই দালালদের নামের তালিকা দেওয়া হয়েছে।  অনলাইনে ভূমি সেবার সুযোগ সৃষ্টি করায় মিসকেসও পেন্ডিং নেই এই ভূমি অফিসে।

নরসিংদী জেলা সদরের সহকারী কমিশনার (ভূমি) শাহ আলম মিয়া বলেন, ‘জেলা সদরের ভূমি অফিসের সব সেবাই করা হয়েছে ডিজিটাল। কিন্তু ভূমি সংক্রান্ত সব সেবা এখানে নেই। জমি রেজ্রিস্টি অফিস, সেটেলমেন্ট অফিস এনালগ। ফলে এখানে ডিজিটাল সেবা দিলেও আরও দুটি পর্য়ায়ে সেবাগ্রহিতারা তা পাচ্ছেন না।  দেশে প্রথম ভূমি অফিসের সব সেবা ডিজিটাল করে সবাইকে চমকে দেওয়ার ইচ্ছা ছিলো আমার। কিন্তু উপজেলা/থানা ভূমি অফিস ডিজিটাল করলেই পরিস্থিতি বদলে দেওয়া সম্ভব নয়। আমি পরিশ্রম করে সব সেবা অনলাইনে করে গেলাম। যদি সাব-রেজিস্ট্রি অফিস দলিল অনলাইনে না দেয়, সেটেলমেন্ট অফিস খতিয়ান অনলাইনে না দেয় তাহলে সেবাগ্রহীতরা অনলাইনে ভূমিসেবার সুফল পাবেন না।

ভূমি নিবন্ধন

আইন মন্ত্রণালয়ের নিবন্ধন অধিদফতরের অধ্যনে ভূমি নিবন্ধন চলছে পুরোপুরি এনালগ। দলিল লেখকরা আগে কলমে লিখতেন। এখন একটি নির্দিষ্ট ফরমেটে কম্পিটারে লিখে স্ট্যামে প্রিন্ট নিয়ে পুরনো পদ্ধতিতেই নিবন্ধন কার্যক্রম পরিচালনা করেন। দলিল সংরক্ষণ করা হয় না অনলাইনে। ফলে ভূমি মন্ত্রণালয়ের অধ্যনে উপজেলা পর্যায়ে ই-নাম জারি করা হচ্ছে অনলাইনে। ই-নামজারির জন্য অনলাইনে আবেদন করতে হলে দলিলগুলো স্ক্যান করে সার্ভারে আপলোড করতে হয়।  কিন্তু জরিপ অধিদফতরের কোনও ডকুমেন্ট এবং জমির দলিল অনলাইনে পাওয়ার কোনো সুযোগ নেই।

ডিজিটাল জরিপ

মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ডিজিটাল জরিপ সম্পর্কে দেওয়া তথ্য অনুযায়ী ২০০৯-২০১০ অর্থবছরে সাভার ও নরসিংদীর পলাশ উপজেলায় ডিজিটাল জরিপ করা হয় পাইলট কর্মসূচি হিসেবে। গত ১০ বছরে কোনও অগ্রগতি নেই। এছাড়া বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সীমানার কয়েকটি সেক্টরে স্ট্রিপ ম্যাপ স্ক্যানিং, ডিজিটাইজিং ও চূড়ান্ত করার কাজ শুরু হয় ২০০৯-২০১০ অর্থ বছরে। এছাড়া আন্তর্জাতিক সীমানা পিলারের ডাটা এন্ট্রির কাজ শেষ করা হয়। এছাড়া নতুন করে বেশ কিছু জেলায় অনলাইনে রেকর্ড আপলোড করা হয়েছে বলে দাবি করেছে ভূমি জরিপ অধিদফতর।

পূর্ববর্তি সংবাদদেশে ফের কমলো স্বর্ণের দাম
পরবর্তি সংবাদসৌদি প্রবাসীদের বিশৃঙ্খলা না করার অনুরোধ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়