ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ- এর হিফজুল কুরআন ও ইলমুত তাজবীদ মারহালার ৪৩তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
আজ ২৬ সেপ্টেম্বর শনিবার বেফাকের অফিসিয়াল ফেসবুক পেজে এ বিজ্ঞপ্তি জানানো হয়। বেলা ১২টায় বোর্ডের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহাম্মাদ যুবায়ের, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মুফতী আমিনুল হক ও মুহা. রফিকুল হক সমন্বয়ে পরীক্ষার ফলাফলের ফাইল বেফাকের মহাপরিচালক অধ্যাপক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরি সাহেবের নিকট হস্তান্তরের পর তিনি ফলাফল ঘোষণা করেন।
প্রকাশিত ফলাফলে গড় পাশের হার ৯১.৯৫ শতাংশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বোর্ডের পরীক্ষায় হিফজুল কুরআন মারহালায় মোট পরীক্ষার্থী ২২ হাজার ৮৭৬ জন এবং ইলমুত তাজবীদ মারহালায় ৯২৬ জন অংশগ্রহণ করেন। তন্মধ্যে স্টার মার্ক পেয়েছে ৫ হাজার ৮৬২ জন। মোট উত্তীর্ণ পরীক্ষার্থী ১৩ হাজার ১২০ জন। অনুপস্থিত ১৩০৫৪ জন।
হিফজুল কুরআনের ৭৪টি গ্রুপে (প্রতি গ্রুপে ৩ জন করে) ও ইলমুত তাজবীদ ওয়ালকিরাআত বিভাগে ৩টি গ্রুপে (প্রতি গ্রুপে ৩ জন করে) পৃথক পৃথকভাবে মেধাতালিকায় শীর্ষে রয়েছেন অনেকেই ।
পরীক্ষার ফলাফলের সকল তথ্য বেফাকের নিজস্ব ওয়েব সাইট www.wifaqresult.com তে পাওয়া যাবে।
বেফাকের মহাপরিচালক মাওলানা যোবায়ের আহমদ বলেন, কওমী মাদরাসার পরীক্ষার্থীরা সুষ্ঠু পরিবেশে পরীক্ষা দিয়ে ফলাফলে সফলতার নজির স্থাপন করেছে। এরাই যোগ্য আলেম হয়ে জাতির সামনে ইসলামের বাণী তুলে ধরবে বলে আমার একান্ত বিশ্বাস।
















