টানা বৃষ্টির ৭২ ঘন্টা পরও পানিতে ভাসছে রংপুর

ইসলাম টাইমস ডেস্ক: টানা বৃষ্টির ৭২ ঘন্টা পরও জলাবদ্ধ অবস্থায় রয়েছে রংপুর মহানগরী। শ্যামা সুন্দরী খাল ভরাট ও ঘাঘটের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় শহরে বৃষ্টির ৭০ শতাংশ পানি আটকে রয়েছে।

মঙ্গলবার সরজমিনে দেখা যায়, নগরীর প্রাণকেন্দ্র রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা ও সামনের সড়কে হাটু পানি জমে আছে।

রংপুরে গত শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত ৪৩৩ মিলিমিটার বৃষ্টি হয়। ওই টানা বৃষ্টিতে তলিয়ে গেছে নগরীর ১৪৮টি পাড়া ও মহল্লা। এছাড়াও থানা এলাকায় বিদ্যুৎ সরববরাহ এখনো স্বাভাবিক হয়নি। গাছ উপড়ে যাওয়ায় লাইন ঠিক করতে দেরি হচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

অন্যদিকে পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদ জানিয়েছেন, জলাবদ্ধতার কারণে কোতয়ালী থানার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে অন্য থানা ও সার্ভিস ডেলিভারি সেন্টার থেকে।

মুলাটোল, গোমস্তপাড়া, মুন্সিপাড়া, নুরপুর, খেরবাড়ি, পাঠানপাড়া, দর্শনা, খামারপাড়া, নীলকণ্ঠ, কুকরুলসহ শতাধিক পাড়ামহল্লার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন।

তবে কর্তৃপক্ষ জানিয়েছে, সিটি করপোরেশন থেকে পানি নামানোর কার্যক্রম চলছে। সিটি করপোরেশন ও জেলা প্রশাসন পানিবন্দী মানুষের মাঝে ইতোমধ্যে খাবার বিতরণ করেছে।

সিটি মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা জানান, তাদের ৮০টি টিম আটকে থাকা পানি নিরসনে কাজ করছে। শ্যামা সুন্দরী খাল ভরাট ও ঘাঘটের পানির স্তর বেড়ে যাওয়ায় আবদ্ধ পানি নামতে সময় লাগছে।

পূর্ববর্তি সংবাদনকল মাস্ক সরবরাহের অভিযোগে জেএমআই চেয়ারম্যান গ্রেফতার
পরবর্তি সংবাদআজারবাইজানের সঙ্গে লড়াইয়ে আর্মেনিয়ার ৮৪ সেনা নিহত