ইসলাম টাইমস ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরব উপজেলার প্রবীণ আলেম মাওলানা মতিউর রহমান (৮০) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাদ আসর ভৈরব কমলপুর মাদরাসায় তার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার সকাল ৭টা ৩০মিনিটে এ ভৈরবের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন বলে জানিয়েছেন মজলিসের যুগ্মমহাসচিব ও মরহুমের ছেলে মাওলানা আতাউল্লাহ আমীন।
মাওলানা মতিউর রহমান ছিলেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার দেওবন্দী ধারার প্রথম আলেম। তিনি কিশোরগঞ্জের জামিয়া এমদাদিয়া ও ঢাকার লালবাগ মাদ্রাসায় পড়াশোনা করেছেন। ১৯৬৮ সালে দাওরায়ে হাদিস পাশ করা এ প্রবীণ আলেম শিক্ষকতার জীবন শুরু করেন জামিয়া নুরিয়া কামরাঙ্গীরচর মাদরাসায়। তিনি মুফতি ফজলুল হক আমিনী রহ, মাওলানা আব্দুল হাই পাহাড়পুরী রহ সাথে জামিয়া নুরিয়া কামরাঙ্গীরচরে শিক্ষকতা শুরু করেন।
মাওলানা মতিউর রহমান রহ. টানা ১৫ বছর ভৈরব কমলপুর মাদ্রাসায় শিক্ষকতা করেন। ব্যক্তিগত জীবনে তিনি ৯ ছেলে এবং ৪ মেয়ে এবং স্ত্রী রেখে ও ভক্ত অনুরক্ত গেছেন।
জীবনের শেষ সময় পর্যন্ত তিনি বাংলাদেশ খেলাফত আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস এবং ইসলামী ঐক্যজোটের ভৈরব উপজেলার সভাপতি ছিলেন। আত্মশুদ্ধি এবং ইসলাহী জীবনে তিনি ছিলেন হযরত হারদোয়ি রহমাতুল্লাহ আলাইহির আশেক। কিশোরগঞ্জের মাওলানা এমদাদ উল্লাহ সাহেবের এজাজত প্রাপ্তও ছিলেন।
















