৪ অক্টোবর থেকে একাদশ শ্রেণির অনলাইন ক্লাস নেওয়া হবে: শিক্ষা মন্ত্রণালয়

ইসলাম টাইমস ডেস্ক: আগামী রবিবার (৪ অক্টোবর) থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস নেয়া হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রম শুরু করা হবে বলে আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় উপ-কমিটির সভাপতি অধ্যাপক জিয়াউল হক জানান।

বৃহস্পতিবার ( ১ অক্টোবর) এ সংক্রান্ত এক নির্দেশনায় সকল শিক্ষাবোর্ড ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে অনলাইনে ক্লাস চালু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা বলা হয়েছে। নির্দেশনায় আরও বলা হয়, করোনাভাইরাস পরিস্থিতির কারণে শ্রেণিকক্ষে ক্লাস নেয়া সম্ভব না হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ সংক্রান্ত আরেক নির্দেশনায় বলা হয়, রবিবার সকাল দশটায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অনলাইন ক্লাস কার্যক্রমের উদ্বোধন করবেন। ঢাকা কলেজে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

উল্লেখ্য, গত ৯ আগস্ট ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম অনলাইনে শুরু হয়। সেপ্টেম্বরের ১৭ তারিখ ভর্তি কার্যক্রম শেষ হয়।

এর আগে করোনাভাইরাস পরিস্থিতির কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে চলমান সরকারি ছুটি আরও বর্ধিত করার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, করোনাভাইরাস পরিস্থিতির কারণে বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা ছাড়া অন্য কোনো পথ নেই।

পূর্ববর্তি সংবাদধর্ষণকারী ছাত্রলীগ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: ড. আহমদ আবদুল কাদের
পরবর্তি সংবাদসেই রাতের কথা মনে হলে এখনো আঁতকে ওঠেন কেনান