কুড়িগ্রামে কলমি শাক তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ডোবার পানিতে থাকা কলমি শাক ও শালুক (শাপলা) তুলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারিয়েছে দুই শিশু। শুক্রবার (৯ অক্টোবর) সকালে উপজেলার শৌলমারী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পুরারচর (চর বড়াইকান্দি) গ্রামে এ ঘটনা ঘটে।

রৌমারী থানার অফিসার ইন চার্জ (ওসি) আবু মো. দিলওয়ার হাসান ইনাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত দুই শিশুর নাম জনি খাতুন (৬) ও আমিনা খাতুন (৭)। জনি খাতুন পুরারচর গ্রামের হাফিজুর রহমানের মেয়ে। আমিনা খাতুন শেরপুর জেলার শেরপুর থানার নয়নপাড়া গ্রামের আব্দুল হালিমের মেয়ে। সে ( আমিনা খাতুন) তার মায়ের সাথে শৌলমারীর পুরারচর গ্রামে তার নানা বাড়িতে বেড়াতে এসেছিল।

শৌলমারী ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান ও রৌমারী থানার ওসি জানান, ওই গ্রামের কয়েকজন শিশু মিলে একটি বাড়িতে পিকনিক করার উদ্দেশ্যে কলমি শাক ও শালুক (শাপলা) তুলতে পাশের একটি ডোবার পানিতে নেমেছিল। ডোবার একটি জায়গায় গভীর গর্ত থাকায় ওই দুই শিশু সেখানে ডুবে যায়। সঙ্গে থাকা অপর শিশুদের চিৎকারে এলাকার লোকজন দুই শিশুকে উদ্ধার করে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি আবু মো. দিলওয়ার হাসান ইনাম বলেন, “এ ঘটনায় একটি ইউডি মামলার প্রক্রিয়া চলছে।”

পূর্ববর্তি সংবাদশান্তিতে নোবেল পেল বিশ্ব খাদ্য কর্মসূচি
পরবর্তি সংবাদধর্ষণের বিচারের দাবিতে রাজধানীতে খেলাফত ছাত্র আন্দোলনের বিক্ষোভ