পারিবারিক কলহের জেরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, শ্বশুর-শাশুড়ি গ্রেফতার

ইসলাম টাইমস ডেস্ক: পারিবারিক কলহের জেরে দিনাজপুরের কাহারোল উপজেলায় রুপালি রানী রায় (৩০) নামে এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় রোববার রাতে অভিযান চালিয়ে নিহত গৃহবধূর শ্বশুর ও শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। তবে স্বামী পলাতক রয়েছেন।

এর আগে রোববার দুপুরে পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত রুপালি রানী রায় কাহারোল উপজেলার সুন্দইল চিরাকুটিপাড়া গ্রামের বিশুরাম রায়ের স্ত্রী।

কাহারোল থানার ওসি মনোজ কুমার রায় জানান, পারিবারিক কলহের কারণেই এ ঘটনা ঘটেছে।

এ বিষয়ে রাতে রুপালির বাবা পরেশ চন্দ্র রায় বাদী হয়ে তিনজনকে আসামি করে কাহারোল থানায় একটি হত্যা মামলা করেন (মামলা নং-২, তারিখ-১১.১০.২০২০)। পুলিশ রাতেই অভিযান চালিয়ে শ্বশুর ও শাশুড়িকে গ্রেফতার করে।

গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোমবার দিনাজপুর এম আবদুল রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

গ্রেফতার শ্বশুর জিতেন চন্দ্র রায় ও শাশুড়ি সুবলা রানী রায়কে আদালতে পাঠানো হয়েছে। স্বামী বিশুরাম রায়কে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি।

পূর্ববর্তি সংবাদভয়াবহ ধসের মুখে ভারতের অর্থনীতি
পরবর্তি সংবাদকাল থেকেই ধর্ষণের নতুন আইন কার্যকর