বেগমগঞ্জ মডেল থানার ওসি হারুন অর রশিদকে প্রত্যাহার

ইসলাম টাইমস  ডেস্ক: নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানার ওসি হারুন অর রশিদ চৌধুরীকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অফিসে পাঠানো হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা মঙ্গলবার (১৩ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ সকালে ডিআইজি অফিস থেকে প্রেরিত পত্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরীকে বর্তমান কর্মস্থল থেকে চট্টগ্রাম রেঞ্জ অফিসে যোগদান করতে বলা হয়েছে। আদেশ পাওয়ার পরেই তা বাস্তবায়ন করতে বলা হয়েছে। তিনি আরও জানান, ওসি হারুন অর রশিদ চৌধুরী আজ বিকেলের মধ্যে নতুন কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হবেন।

উল্লেখ্য, সম্প্রতি নোয়াখালীর বেগমগঞ্জের একটি গ্রামে রাতের বেলা এক গৃহবধূর ঘরে ঢুকে তাকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়। এ ঘটনায় তোলপাড় শুরু হলে জড়িতদের গ্রেফতারের পাশাপাশি স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যকে ঘটনা জেনেও থানায় অবহিত না করার অভিযোগে গ্রেফতার করা হয়। পাশাপাশি দায়িত্বে অবহেলাকারীদের প্রতি জিরো টলারেন্স দেখানো হচ্ছিল। এমনই এক পরিস্থিতিতে ওই থানার ওসিকে প্রত্যাহারের ঘটনায় তার দায়িত্ব পালনে ব্যর্থতা বা অবহেলার ইস্যুটি সামনে এসেছে বলে সংশ্লিষ্ট পক্ষগুলো মনে করছে। তবে সরকারিভাবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

পূর্ববর্তি সংবাদবিশ্বাসঘাতক আরব দেশগুলোকে ইতিহাস ক্ষমা করবে না: হামাস
পরবর্তি সংবাদগোবরের তৈরি চিপ মোবাইলের ক্ষতিকর রশ্মি রোধ করবে, দাবি ভারতের আরকেএ চেয়ারম্যানের!