ইসলাম টাইমস ডেস্ক: ‘ভারতে একজন পুলিশ অফিসারের মৃত্যুর থেকেও বেশি গুরুত্ব পাচ্ছে গরুর মারা যাওয়ার ঘটনা’ এমন মন্তব্য করে বিপাকে পড়েছেন ভারতের একজন অভিনেতা নাসিরুদ্দীন শাহ।একটি স্বেচ্ছাসেবী সংগঠন আয়োজিত “কারওয়ান-এ-মুহব্বত” নামের একটি অনুষ্ঠানের সাক্ষাতকারে তিনি এই মন্তব্য করেন।
ডিসেম্বরের গোড়ায় উত্তর প্রদেশের বুলন্দশহরে গো-হত্যাকে কেন্দ্র করে সংঘর্ষ ছড়ালে এক পুলিশ অফিসার নিহত হন।তারপরও রাজ্যের মুখ্যমন্ত্রী কর্মকর্তাদের একটি বৈঠকে বেশি গুরুত্ব দিয়েছিলেন যে কীভাবে গো-হত্যা হল, সেই তদন্তের ওপরে। আর পুলিশ অফিসারের মৃত্যুকে তিনি বলেছিলেন, “দুর্ঘটনা”।
নাসিরুদ্দীন শাহ ওই ঘটনার দিকে ইঙ্গিত করেই এই মন্তব্য করেন।
জানা গেছে, তার এই মন্তব্যের জের ধরে রাজস্থানের আজমীর শহরে বাতিল করে দেওয়া হয়েছে শাহের একটি অনুষ্ঠান। আজমীর সাহিত্য উৎসবে শুক্রবার মূল ভাষণ দেওয়ার কথা ছিল নাসিরুদ্দীন শাহর। ওই শহরেই তিনি স্কুলে পড়াশোনা করেছেন। কিন্তু ভারতের বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের বিক্ষোভের মুখে নিরাপত্তার কথা বিবেচনা তার অনুষ্ঠানটি বাতিল করে কর্তৃপক্ষ।
সূত্র: বিবিসি
















