‘৮ দিন পরেও রায়হান হত্যায় চিহ্নিত আসামিদের গ্রেফতার না হওয়া উদ্বেগজনক’

ইসলাম টাইমস ডেস্ক: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র মহাসচিব মাওলানা নূর হোসাইন কাসেমী বলেছেন, সিলেটে পুলিশী হেফাজতে রায়হানের মৃত্যুর ৮ দিন পরেও চিহ্নিত আসামিদের গ্রেফতার না হওয়া গভীর উদ্বেগজনক। এতে অপরাধে জড়িয়ে পড়া সদস্যদের প্রতি পুলিশ প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ প্রকাশ পায়।

রবিবার (১৮ অক্টোবর) এক বিবৃতিতে তিনি আরো বলেন, রায়হান যে পুলিশী নির্যাতনে নিহত হয়েছেন, এই নিয়ে সিলেটসহ দেশবাসীর মনে বিন্দুমাত্রও সন্দেহ নেই। কিন্তু রায়হানের মৃত্যু নিয়ে শুরু থেকেই নানা রকমের বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে সিলেট পুলিশ প্রকৃত ঘটনা ধামাচাপা দিতে চেয়েছে। এখন শোনা যাচ্ছে, এই হত্যাকান্ডের ঘটনায় দায়েরকৃত এজাহারে কোন অভিযুক্তের নাম উল্লেখ করা হয়নি। অথচ ঘটনার শুরুতেই বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবরের নাম প্রধান অভিযুক্ত হিসেবে সামনে চলে আসে। এরপর এসআই আকবর হোসেনসহ চারজন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ও তিনজন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হল। তাহলে কেন তাদের নাম আসামী হিসেবে মামলায় উল্লেখ করা হল না? কেন হেফাজতে থাকা ওই ফাঁড়ির ৮ পুলিশ সদস্যকে এখনো গ্রেফতার দেখানো হচ্ছে না? পুলিশ হেফাজতে থাকা সন্দেহভাজন প্রধান আসামী এসআই আকবরকে পালিয়ে যেতে কারা সহায়তা করেছে? এসব প্রশ্নের সন্তোষজনক উত্তর সিলেট পুলিশকে দিতে হবে।

জমিয়ত মহাসচিব বলেন, সিলেটের রায়হান হত্যাকান্ডের  ঘটনা ধামাচাপা দিয়ে জনগণকে শান্ত করা যাবে না। এটা যে পুলিশী হত্যাকা- ছিল, দিবালোকের ন্যায় স্পষ্ট। অবিলম্বে সন্দেহভাজন পুলিশ সদস্যদের গ্রেফতার এবং নিরপেক্ষ তদন্ত ও বিচার প্রক্রিয়ার মাধ্যমে দায়ীদের কঠোর শাস্তি দিতে হবে।

পূর্ববর্তি সংবাদএক সপ্তাহে ধর্ষণ মামলার রায়: ধর্ষকের যাবজ্জীবন
পরবর্তি সংবাদরাজধানীতে ৪৯ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ৪