ইসলাম টাইমস ডেস্ক: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের যাত্রী আসনের নিচে প্রায় পৌনে পাঁচ কোটি টাকার স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা। স্বর্ণগুলির ওজন প্রায় আট কেজি।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা যায়, সকালে অধিদপ্তরের মহাপরিচালক মুহাম্মদ মুবিনুল কবিরের কাছে গোপন খবর আসে যে মধ্যপ্রাচ্যের আবুধাবি থেকে সোনার চোরাচালান আসছে। ওই তথ্যের ভিত্তিতে শাহজালাল বিমানবন্দরে কর্তব্যরত শুল্ক গোয়েন্দারা বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে নজরদারি বাড়ান। সকাল সোয়া ১০টায় দিকে আবুধাবি থেকে আসা (বিজি-০২৮) উড়োজাহাজটিতে তল্লাশি চালালে যাত্রীদের বসার আসনের নিচে লুকিয়ে রাখা ৭ কেজি ৮৮৮ গ্রাম ওজনের ৬৮টি সোনার বার পাওয়া যায়।
অভিযানে অংশ নেওয়া শুল্ক গোয়েন্দা পরিদর্শক মনির হোসেন জানান, উদ্ধার করা সোনার দাম ৪ কোটি ৭৩ লাখ ২৮ হাজার টাকা। সোনা উদ্ধারের ঘটনায় শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ব্যাপারে বিমানবন্দর থানায় মামলা প্রক্রিয়াধীন।
















