ইসলাম টাইমস ডেস্ক: সম্প্রতি নোয়াখালীতে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসব ঘটনায় তিনি লজ্জিত বলে মন্তব্য করেছেন। তবে ধর্ষণ ও নারী নির্যাতনের সঙ্গে যদি আওয়ামী লীগ অথবা অঙ্গসংগঠনের কেউ জড়িত থাকে তাহলে তাদের ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন তিনি।
রোববার (২৫ অক্টোবর) বেলা ১১টায় কোম্পানীগঞ্জ শ্রী শ্রী জগন্নাথ মন্দির কমপ্লেক্সে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে শুভেচ্ছা মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেতুমন্ত্রী।
এ সময় তিনি বলেন, ধর্ষণ ও নারী নির্যাতনকারীদের দল থেকে শুধু বের করে দেয়াই হবে না তাদের জন্য আওয়ামী লীগের দরজা চিরতরে বন্ধ করে দেয়া হবে।
মন্ত্রী বলেন, নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জের কবিরহাট অঞ্চলের মানুষ শান্তিপ্রিয়। আমাদের সম্প্রদায়িক সম্প্রীতি কেউ যেন বিনষ্ট করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। দল-মত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে।
















