নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় মাদরাসা শিক্ষকসহ নিহত ২

ইসলাম টাইমস ডেস্ক: নেত্রকোনায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মাদরাসা শিক্ষকসহ দুইজন নিহত হয়েছেন আরো তিনজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। দুর্ঘটনায় হতাহতদের সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে নেত্রকোনার সদর উপজেলায় বাংলা ইউনিয়নের নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের নয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন, সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের বাংলা গ্রামের মৃত চান মিয়ার ছেলে অটো রিকশা চালক কমল মিয়া (৩৬)। অন্যজন ঠাকুরোকোনা ইউনিয়নের নোয়ানগর গ্রামের ইউসুফ আলীর ছেলে সতশ্রী সাদিয়া মহিলা মাদরাসার শিক্ষক মুফতি জসিম মিয়া (৩৮)।

গুরুতর আহত তিনজনকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে অটো চালক কমল মিয়া যাত্রী নিয়ে ঠাকুরোকোনা থেকে নেত্রকোনা শহরের দিকে আসছিলেন। নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের বাংলাবাজারের পশ্চিম পার্শ্বে নয়াপাড়া নামক স্থানে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে।

এতে ঘটনাস্থলেই অটো চালক কমল মিয়া ও অটো যাত্রী মুফতি জসিম মিয়া ইন্তেকাল করেন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন।

নেত্রকোনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোরশেদা খাতুন এ ঘটনায় নিহতের সত্যতা  নিশ্চিত করে বলেন, ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে এবং এর চালক পলাতক রয়েছে। গুরুতর আহত তিনজন নেত্রকোনা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছেন।

পূর্ববর্তি সংবাদপাকিস্তানে মাদরাসায় ভয়াবহ বিস্ফোরণ, শহীদ ৭ তালিবুল ইলম
পরবর্তি সংবাদআসামিদের সর্বোচ্চ শাস্তির অপেক্ষায় রিফাতের বাবা