ইসলাম টাইমস ডেস্ক : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আশঙ্কা প্রকাশ করে বলেছেন বিএনপি ক্ষমতায় আসলে একদিনেই রক্তের নদী বইয়ে দেবে। একদিনেই বাংলাদেশে লাশের পাহাড় সৃষ্টি করবে।
আজ রোববার নোয়াখালী-২ আসনের নৌকার প্রার্থী মোরশেদ আলমের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিয়ে তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে ঈদের নামাজ পর্যন্ত পড়তে দেয় নাই তারা। মনে আছে সেই দিন। এবার যদি তারা (বিএনপি) ক্ষমতায় আসতে পারে, তাহলে একদিনেই বাংলাদেশে তারা রক্তের নদী বইয়ে দেবে। যদি তারা আরেকবার ক্ষমতায় আসে, একদিনেই বাংলাদেশে লাশের পাহাড় সৃষ্টি করবে।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনে নৌকায়, শেখ হাসিনার নৌকায়, বঙ্গবন্ধুর নৌকায়, শেরে বাংলার নৌকায় ভোট দেবেন।
যারা দলের প্রার্থীর বিপক্ষে কাজ করছেন তাদের সতর্ক করে দিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ যদি আওয়ামী লীগের প্রতিপক্ষ না হয় তবে আমাদের হারানোর ক্ষমতা কারোর নেই।
















