ইসলাম টাইমস ডেস্ক: কুমিল্লার হোমনায় বাজি ধরে মোবাইলে লুডু খেলাকে কেন্দ্র করে এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সবুজ (২৫) নামে এক স্বর্ণকারকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার উপজেলার লটিয়া গ্রামের বাজারে এই ঘটনা ঘটে।
ঘটনার শিকার মোঃ তামিম (১৮) উপজেলার ওপারচর গ্রামের সাধন মিয়ার ছেলে। কিন্তু সে তার নানার বাড়ি লটিয়ায় থাকে।
এসিড নিক্ষেপকারী সবুজ নিলখী গ্রামের রেহমত আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মোঃ তামিম ও সবুজ মিয়া প্রতি গেইম পাঁচ শ’ টাকা করে বাজি ধরে মোবাইলে লুডু খেলছিলেন। যিনি হারবেন তিনি প্রতিপক্ষকে ওই টাকা দিতে বাধ্য থাকবেন। সবুজের কাছে পরপর দুই গেইম হেরে মোঃ তামিম এক হাজার টাকা ঋণী হয়ে যান। তামিম বাজির টাকা পরিশোধ না করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
একপর্যায়ে তামিম সবুজকে আঘাত করে দৌড়ে পালাতে চাইলে সবুজও তার স্বর্ণের দোকান থেকে এসিড নিয়ে পেছন থেকে নিক্ষেপ করেন। এতে তামিমের ঘাড়, গলা ও গালের কিছু অংশ ঝলসে যায়। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পুলিশ অভিযুক্ত সবুজকে আটক করে থানায় নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সহকারী সার্জন ডা. নিবিড় লুৎফুন নাহার জানান, এসিড নিক্ষেপের ফলে মাথার পেছনের অংশ, ঘাড় ও বাম কানে ফোসকা পড়েছে। তিনি হাসপাতালে ভর্তি আছেন।
হোমনা থানার ওসি আবুল কায়েস আকন্দ বলেন, বাজি ধরে লুডু খেলাকে কেন্দ্র করে তামিমের ওপর এসিড নিক্ষেপ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এসিড নিক্ষেপের অভিযোগে সবুজকে গ্রেফতার করা হয়েছে।
-এনটি
















