স্কুল ছাত্রের মৃত্যু: প্রথম আলো সম্পাদকসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

ইসলাম টাইমস ডেস্ক: ঢাকার রেসিডেনশিয়াল মডেল স্কুলের ছাত্র আবরারের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় বাংলাদেশের জাতীয় দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

মহানগর দায়রা জজ আদালত এ অভিযোগ গঠন করেছে।

তবে এই মামলার আরেক অভিযুক্ত পত্রিকাটির সহযোগী প্রকাশনা কিশোর আলো’র সম্পাদক আনিসুল হককে অব্যাহতি দেয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের কৌসুলি আব্দুল্লাহ আবু এ কথা জানিয়েছেন।

তিনি বলেছেন, “প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। কিন্তু কিশোর আলো’র সম্পাদক আনিসুল হককে অব্যাহতি দেয়া হয়েছে, কারণ আদালত বলেছে তার সংশ্লিষ্টতার বিষয়ে কোন তথ্য প্রমাণ মেলেনি।”

অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলায় এখন আনুষ্ঠানিকভাবে বিচারকার্য শুরু হলো। ১৪ই ডিসেম্বর মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌসুলি।

বাংলাদেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক প্রথম আলো
 

২০১৯ সালের পহেলা নভেম্বর ঢাকার রেসিডেনশিয়াল মডেল স্কুল ও কলেজে প্রথম আলোর কিশোর ম্যাগাজিন ‘কিশোর আলো’র বর্ষপূর্তি অনুষ্ঠানে স্কুলটির নবম শ্রেণীর শিক্ষার্থী নাঈমুল আবরার বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা যায়।

ঘটনার কয়েকদিন পর ৬ই নভেম্বর তার বাবা মজিবুর রহমান মহানগর হাকিম আদালতে মামলা করেন। সেখানে তিনি তার সন্তানকে অবহেলাজনিত হত্যার অভিযোগ আনেন প্রথম আলো সম্পাদকসহ অনুষ্ঠান আয়োজন কমিটির বিরুদ্ধে।

জানুয়ারিতে আনিসুল হকসহ দশজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল ঢাকার একটি আদালত। পরে অবশ্য তারা জামিন পান।

বিবিসি

এম এস আই 

পূর্ববর্তি সংবাদস্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র জমা দিয়ে ৩৪ জন ডাকাতের আত্মসমর্পণ
পরবর্তি সংবাদকরোনা নিয়ে টিআইবির প্রতিবেদন রাজনৈতিক, পক্ষপাতদুষ্ট: ওবায়দুল কাদের