ইসলাম টাইমস ডেস্ক: আজ হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল দশটা হতে হেফাজতের প্রধান কার্যালয় হাটহাজারী মাদ্রাসায় এ কাউন্সিল অনুষ্ঠিত হবে। কাউন্সিল উপলক্ষ্যে ইতোমধ্যে সবধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন হেফাজতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।
মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, দেশের বিভন্ন স্থান হতে মেহমানরা কাউন্সিলে যোগ দিবেন। তাদের আপ্যায়নের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দূর দুরান্ত থেকে আগত কেউ যাতে কোনো প্রকার কষ্ট না পান সে দিকে বিশেষ লক্ষ্য রাখা হচ্ছে । কাউন্সিল সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে পর্যাপ্ত পরিমাণে স্বেচ্ছাসেবক নিয়োগ দেয়া হয়েছে।
হেফাজতের কাউন্সিলকে কেন্দ্র করে বিভিন্ন চক্রান্তের কথা উল্লেখ করে মাওলানা ইসলামাবাদী বলেন, হেফাজতে কোনো ধরনের কোন্দল নেই। বিভক্তি নেই। হেফাজত অন্য সময়ের তুলনায় আরো বেশি সুসংগঠিত। দেশবাসীর কাছে প্রত্যাশা থাকবে তারা যেন কোনো প্রকার বিভ্রান্তিতে কান না দেন।
এদিকে হেফাজতের সম্মেলনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা লক্ষ্য করা গেছে। সম্মেলনের নিরাপত্তার স্বার্থে মাদ্রাসার বাইরে বিভিন্ন পয়েন্টে টহল পুলিশের সঙ্গে তিন স্তরের নিরাপত্তার বলয় থাকবে বলে জানা গেছে।
















