নতুন ধর্মপ্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ফরিদুল হক

ইসলাম টাইমস ডেস্ক: জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল নতুন ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।

মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে তাকে প্রতিমন্ত্রীর শপথ পড়ান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এরপর ফরিদুল হক পৃথকভাবে গোপনীয়তার শপথও নেন।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ছাড়াও উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তা ছিলেন অনুষ্ঠানে। করোনা পরিস্থিতিতে সংক্ষিপ্ত করা হয় শপথ গ্রহণের অনুষ্ঠান।

গত ১৩ জুন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মৃত্যুর পর থেকে ধর্ম মন্ত্রণালয়ে মন্ত্রীর পদ শূন্য ছিল।

ফরিদুল হক খান দুলাল আওয়ামী লীগের মনোনয়নে জামালপুর-২ আসন থেকে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদে নির্বাচিত সদস্য। তিনি ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

১৯৫৬ সালের ২ জানুয়ারি জামালপুরের ইসলামপুর উপজেলার উত্তর সিরাজাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন ফরিদুল হক খান।

এস এন

পূর্ববর্তি সংবাদকরোনার কারণে দ্বীনী মাদরাসাসমূহ বন্ধ না করার ঘোষণা পাকিস্তান বেফাকের  
পরবর্তি সংবাদএবার আমন্ত্রণ পেয়ে বাহরাইনের পথে নেতানিয়াহু