ইসলাম টাইমস ডেস্ক: ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের স্ত্রী গুলশান আরা সেলিম মারা গেছেন। তিনি রোববার রাত পৌনে ১২টায় মারা যান।
গুলশান আরা সেলিম কিডনি, ডায়বেটিসসহ নানা জটিলতায় ভুগছিলেন। দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন। এর আগে তিনি থাইল্যান্ডে চিকিৎসাধীন ছিলেন।
গুলশান আরা হাজী সেলিমের পারিবারিক প্রতিষ্ঠান মদিনা গ্রুপের চেয়ারম্যান ছিলেন। এছাড়া ঢাকা সিটি করপোরেশনের সাবেক ওয়ার্ড কমিশনারও ছিলেন।
গত ২৫ অক্টোবর রাতে ধানমন্ডিতে নৌবাহিনীর একজন কর্মকর্তাকে মারধরের ঘটনায় পরদিন হাজী বাড়িতে অভিযান চালিয়ে তার ছেলে ইরফান সেলিমকে গ্রেফতার করে র্যাব। বর্তমানে ইরফান কারাগারে রয়েছেন। তবে অভিযানের সময় হাজী সেলিম ও তার স্ত্রী গুলশান আরা বাড়িতে ছিলেন না। ছেলে গ্রেফতার হওয়ার মাস পার হতেই মারা গেলেন তিনি।
হাজী সেলিমের ব্যক্তিগত সচিব মহিউদ্দিন মাহমুদ বেলাল বলেন, দীর্ঘ দিন ধরে গুলশান আরা ডায়াবেটিকস, কিডনি, উচ্চ রক্তচাপ ও লিভার সমস্যায় ভুগছিলেন। ২০১৮ সালের ডিসেম্বরে ব্যাংককে নেয়া হয়েছিল চিকিৎসার জন্য। দীর্ঘ দিন সেখানে চিকিৎসার পর গত আগস্টে দেশে ফেরেন। পরে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সাত দিন ধরে আইসিইউতে ছিলেন গুলশান আরা। চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫০ বছর। সোমবার তাকে দাফন করা হবে।
ইজে
















