ড. আবদুল মোমেনের দ্রুত আরোগ্য কামনা করেছেন চীন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন/ ফাইল ছবি

ইসলাম টাইমস ডেস্ক: করোনায় আক্রান্ত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের দ্রুত আরোগ্য কামনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর এবং চীনের স্টেট কাউন্সিরর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে লেখা এক বার্তায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, ড. মোমেন দ্রুত আরোগ্য লাভ করে তার দাফতরিক দায়িত্ব পুনরায় শুরু করবেন।

এর আগে গত ২৫ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

অপরদিকে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে লেখা এক বার্তায় চীনের পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন যে ড. মোমেনের দ্রুত আরোগ্য লাভের প্রয়োজনে যেকোনো ধরনের সহযোগিতা দিতে চীন সব সময় প্রস্তুত রয়েছে।

ওয়াং ই বলেন, ‘প্রকৃতপক্ষে আমাদের সকলের জন্য এটি একটি কঠিন সময়। এই চ্যালেঞ্জিং সময়ে সকলকে ঐক্যবদ্ধ থাকা এবং একে অপরকে সহযোগিতা করা অপরিহার্য।’

গত ২৫ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী মোমেন ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৪৭তম সম্মেলনে যোগদানের জন্য নাইজার সফর উপলক্ষে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে পররাষ্ট্রমন্ত্রীর করোনা পরীক্ষা করা হলে ২৪ নভেম্বর রাতে এ ফলাফল জানা যায়। মন্ত্রীর শরীরে এ সময় করোনার কোনো লক্ষণ ছিল না।

পরে পররাষ্ট্রমন্ত্রীর নাইজার সফর বাতিল করা হয়। তিনি চিকিৎসকের পরামর্শ মেনে বর্তমানে বাসায় আইসোলেশনে আছেন এবং সুস্থ রয়েছেন।

এছাড়া, নাইজার সফর উপলক্ষে পররাষ্ট্রসচিব মাসুদের করোনা পরীক্ষা করা হলে তারও পজিটিভ ফলাফল আসে। তিনিও চিকিৎসকের পরামর্শ মেনে বাসায় আইসোলেশনে আছেন এবং সুস্থ আছেন।

এমএসআই

পূর্ববর্তি সংবাদসারাদেশে সড়ক দুর্ঘটনা: নভেম্বরজুড়ে প্রাণ হারিয়েছে ৪৮৬ জন!
পরবর্তি সংবাদতিন হাজার কোটি টাকা পাচারের মামলা, প্রশান্ত কুমার হালদারকে ধরতে পরোয়ানা