মন্দিরের সম্পত্তি দখলের অভিযোগ: না:গঞ্জে হিন্দুদের প্রতীকী অনশন কর্মসূচি পালিত

ইসলাম টাইমস ডেস্ক: নারায়ণগঞ্জে মন্দিরের সম্পত্তি দখলের অপচেষ্টার অভিযোগে গতকাল বুধবার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নগরীর শহীদ মিনার প্রাঙ্গণে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে হিন্দু সম্প্রদায়ের লোকজন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা এ কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচিতে জেলা আইনজীবী সমিতি, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহানগর জাতীয় পার্টি, জেলা ও মহানগর জাসদ, বিভিন্ন ব্যবসায়িক, চিকিৎসক, সাংবাদিক সংগঠন, নাসিকের কাউন্সিলরসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা সনাতন ধর্মাবলম্বীদের প্রতি সহমর্মিতা ও সংহতি প্রকাশ করেছেন।

দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল বলেন, আওয়ামী লীগের লেবাস লাগিয়ে হিন্দু সম্পত্তি দখলের অপচেষ্টা করে মেয়র আইভী দলকে কলঙ্কিত করেছেন। তিনি ভুলে গেছেন আওয়ামী লীগ জনতার, আর জনতার শেষ আশ্রয়স্থল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেয়র আইভীকে অবশ্যই জনতার বিচারের কাঠগোড়ায় দাঁড়াতে হবে। মন্দিরের সম্পত্তি দখলের বিরুদ্ধে আজ মাঠে নামতে হয়েছে এটা এ সরকারের জন্য ও আমাদের জন্য পীড়াদায়ক।

জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দীপক কুমুার সাহা ও সাধারণ সম্পাদক শিখন সরকার বলেন, ‘লক্ষ্মীনারায়ণ জিউর বিগ্রহ মন্দিরের নিজস্ব সম্পত্তি জিউশ পুকুরটি গিলে খেতে চাচ্ছেন মেয়র সেলিনা হায়াত আইভী ও তার পরিবার। যেসব নকল দলিল করে এ সম্পত্তি দখলের চেষ্টা করা হচ্ছে সেসব দলিলেই মেয়র আইভীর মা, দুই ভাই, মামা, খালাসহ তারই আত্মীয়স্বজনের নাম রয়েছে।

বিকাল ৫টায় অনশন ভাঙান সংহতি প্রকাশ করে যোগ দেওয়া বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা। উল্লেখ্য, গত ১১ নভেম্বর বিক্ষোভ ও মানববন্ধন করে একই ইস্যুতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছিলেন হিন্দু সম্প্রদায়ের নেতারা।

ইজে

পূর্ববর্তি সংবাদসভা-সমাবেশ নিয়ে ডিএমপির সিদ্ধান্তকে অগণতান্ত্রিক বলল ছাত্র অধিকার
পরবর্তি সংবাদবাংলাদেশে ঢুকে মাছ ধরার সময় ১৭ ভারতীয় জেলে আটক