রাজশাহীতে পুলিশ কর্মকর্তার প্রকাশ্যে ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল

ইসলাম টাইমস ডেস্ক রাজশাহীর তাহেরপুর পুলিশ ফাঁড়ির এএসআই হারুনুর রশীদের প্রকাশ্যে ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপরই বুধবার তাকে পুলিশ লাইনে প্রত্যাহার করে সাময়িক বরখাস্ত করেছে জেলা পুলিশ কর্তৃপক্ষ।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, করোনাকালে লকডাউনে তাহেরপুর বাজারের একটি মোবাইল ফোনের দোকানে ঢুকে ৩ হাজার টাকা চাঁদা দাবি করেন এএসআই হারুন। জলন্ত সিগারেট মুখে রেখে তিনি দোকানদারের সঙ্গে চাঁদার পরিমাণ দুই হাজার টাকা ঠিক করেন। পরে টাকা গুনে তিনি আরও এক হাজার টাকা দাবি করেন। পরে পুরো টাকা নিয়েই দোকান ত্যাগ করেন তিনি। তবে প্রকাশ্যে ঘুষ নেয়ার ভিডিওটি করোনাকালে লকডাউনে ধারণ করা হয় বলে জানা গেছে। লকডাউনে দোকানপাট খুললেই এএসআই হারুনকে ঘুষ দেয়া বাধ্যতামূলক ছিল। তবে অভিযুক্ত এএসআই হারুন এ নিয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেছেন।

এদিকে এএসআই হারুনকে তাহেরপুর ফাঁড়ি থেকে প্রত্যাহারের পর তার অপকর্ম নিয়ে মুখ খুলতে শুরু করেছে এলাকাবাসী। চাঁদাবাজি, মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে টাকা আদায়, আটক ও মাদক বাণিজ্যে তার সম্পৃক্ততার অনেক কাহিনী বেরিয়ে আসছে। স্থানীয়রা জানান, লকডাউনের সময় বাগমারার সাজুড়িয়া গ্রামের মাদক ব্যবসায়ী লেদ আজাদকে হেরোইন ও ইয়াবাসহ আটক করে এএসআই হারুন মোটা অংকের টাকার বিনিময়ে ছেড়ে দেন। রামরামা হাজরাপুকুর গ্রামের সুবদের ছেলে গাঁজা ব্যবসায়ী সনাতন দাসকে মাদকসহ আটকের পর টাকা নিয়ে ছেড়ে দেন এবং আটক গাঁজা আরেক মাদক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন।

স্থানীয়দের অভিযোগ, তাহেরপুরের পার্শ্ববর্তী পুঠিয়ার শিলমাড়িয়া ইউনিয়নের তেবাড়িয়া গ্রামের ইমন নামে এক ছাত্রকে ১০টি ইয়াবা দিয়ে সাজানো মামলায় চালান করেন হারুন। ইমনের পরিবারের অভিযোগ, পারিবারিক কলহের জেরে প্রতিপক্ষ তাকে টাকা দিয়ে এই কাজ করায়। অভিযোগ রয়েছে, গোয়ালকান্দি ইউনিয়নের রামরামা গ্রামের একজন সরকারি চাকরিজীবীকে এক নারীর ঘরে ঢুকিয়ে ধর্ষণ মামলা দেখিয়ে ৭০ হাজার টাকা আদায় করেন এএসআই হারুন। তার মূল কাজই ছিল দোকানে দোকানে চাঁদাবাজি করা আর মাদক ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায় করা।

রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, পুলিশ সুপারের নির্দেশে তাহেরপুর ফাঁড়ি থেকে এএসআই হারুনকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। তার বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

-আরএম

পূর্ববর্তি সংবাদবিশ্বজুড়ে করোনামুক্ত সাড়ে চার কোটির বেশি
পরবর্তি সংবাদ‘মানবিক ইস্যুর বিপরীতে ভাস্কর্য নিয়ে আলেমদের সাথে সরকার-বামদের বিরুদ্ধাচারণ দুঃখজনক’