হোয়াইট হাউস ত্যাগ করলেই ট্রাম্পের ঠিকানা হবে কারাগার: মেরি ট্রাম্প

ইসলাম টাইমস ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাতিজি মনোরোগ বিশেষজ্ঞ ও বিশিষ্ট লেখিকা মেরি ট্রাম্প বলেছেন, হোয়াইট হাউস ত্যাগ করার পরই অসংখ্য অপরাধ, রুক্ষ আচরণ ও প্রতারণার দায়ে ট্রাম্পের স্থান হবে কারাগারে।

বার্তা সংস্থা এপিকে দেয়া এক সাক্ষাৎকারে মেরি ট্রাম্প শনিবার বলেন, প্রেসিডেন্টের দায়িত্ব ত্যাগ করার পর পরই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি এবং তার বিচার করতে হবে। খবর এপির।

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে যাতে ট্রাম্পের মতো খারাপ কোনো প্রেসিডেন্ট আর আসতে না পারে, সে জন্য তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর কোনো বিকল্প নেই।

ডোনাল্ড ট্রাম্প গত ৩ নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় মেনে না নিয়ে এখনও ওই নির্বাচনে জালিয়াতি হয়েছে বলে যে দাবি করে যাচ্ছেন, সে সম্পর্কে মেরি ট্রাম্প তার সাক্ষাৎকারে বলেন, নির্বাচনের পর ট্রাম্প যা কিছু করেছেন তা তার ব্যক্তিত্বের সঙ্গে পুরোপুরি মানানসই; কারণ তিনি কখনই আইনসম্মতভাবে বিজয়ী হতে পারেনি।

গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ পরিবারের কয়েকজনের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন তার ভাতিজি মেরি ট্রাম্প। এতে তিনি উত্তরাধিকারী হিসেবে তার প্রাপ্য হাজার হাজার মিলিয়ন ডলারের সম্পদ থেকে বঞ্চিত করার অভিযোগ করেন।

এদিকে ডোনাল্ড ট্রাম্প গত চার বছর প্রেসিডেন্টের দায়িত্ব পালনের সময় এমন কিছু আইন লঙ্ঘনকারী পদক্ষেপ নিয়েছেন, যার ফলে তার বিচারের মুখোমুখি হওয়ার কথা। কিন্তু দেশের প্রেসিডেন্ট হিসেবে আইনি সুরক্ষা ভোগ করছেন তিনি।

তবে ক্ষমতা হারানোর পর যখন আইনি সুরক্ষা থাকবে না, তখন আমেরিকার বিচার বিভাগ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে বলে দেশটিতে জোর গুঞ্জন চলছে।

-আরএম

পূর্ববর্তি সংবাদধৈর্যের বাঁধ ভেঙে দেবেন না, আ. লীগ গায়ে পড়ে আক্রমণ করে না: সেতুমন্ত্রী
পরবর্তি সংবাদকরোনায় একদিনে শনাক্ত ১৬৬৬, সুস্থ ২৫৫২, মৃত্যু ৩১