ইমরানকে হটাতে সংসদ থেকে পদত্যাগের ঘোষণা পাকিস্তানের বিরোধী জোটের

ইসলাম টাইমস ডেস্ক: পাকিস্তানের জাতীয় সংসদ থেকে ১১ দলের সমন্বয়ে গঠিত বিরোধী রাজনৈতিক জোটের সংসদ সদস্যরা পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।

মঙ্গলবার পাকিস্তানে গণমাধ্যমের সামনে এ ব্যাপারে ঘোষণা দেন বিরোধী জোটের প্রধান মাওলানা ফজলুর রহমান।

পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম) নামের এ জোট গত সেপ্টেম্বরে গঠিত হয়েছে এবং প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার বিষয়টিকে তারা প্রাথমিক লক্ষ্য হিসেবে ঠিক করেছেন।

মাওলানা ফজলুর রহমান বলেছেন, বিরোধী সকল দলের সংসদ সদস্যরা নিজ নিজ পদত্যাগপত্র ৩১ ডিসেম্বরের মধ্যে পার্লামেন্টে জমা দেবেন।

তিনি জানিয়েছেন, পদত্যাগপত্র জামাকারীদের মধ্যে  সারাদেশের কেন্দ্রিয় এবং প্রাদেশিক সংসদ সদস্যরাও শামিল থাকবেন।

পিডিএম প্রধান বলেছেন, বিরোধী দলগুলোর আন্দোলন এ পুরো সিস্টেম এবং প্রতারণার বিরুদ্ধে। যদি আমরা ইস্তেফা দিয়ে দেই তাহলে পুনরায় পদ চাইব না।

মাওলানা ফজলুর রহমান লাহোরের ১৩ ডিসেম্বরের সমাবেশকে ঐতিহাসিক এবং সরকারের জন্য চূড়ান্ত আঘাত আখ্যা দিয়েছেন ।

১১ দলীয় এ জোটে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মুসলিম লীগ এবং পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি’র মতো প্রভাবশালী বৃহৎ রাজনৈতিক দল। জোটের নেতারা বলছেন, ইমরান খান ২০১৮ সালের নির্বাচনে কারচুপির মাধ্যমে ক্ষমতায় এসেছেন।

পাকিস্তানের জাতীয় সংসদে ক্ষমতাসীন তেহরিকে ইনসাফ দলের সামান্য ব্যবধানের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। দলটির নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। যদি ১১ দলীয় বিরোধী জোট সংসদ থেকে পদত্যাগ করে তাহলে পাকিস্তান বড় রকমের রাজনৈতিক সংকটে পড়বে।

ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআই দল ২০১৮ সালের জুলাই মাসে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে এবং এটিই এই দলের প্রথমবারের মতো ক্ষমতায় বসা।

ইমরান খান বলছেন, বড় দুই রাজনৈতিক দল তাকে ক্ষমতাচ্যুত করতে চায় কারণ তাদের দুর্নীতির ব্যাপারে তিনি কোনো ছাড় দিচ্ছেন না।

সূত্র: বিবিসি উর্দু, ডেইলি জং

-এসএন

পূর্ববর্তি সংবাদকয়েকজন নোবেল শান্তি পুরস্কার জয়ী শাসক যাদের হাত বারবার রক্তে রঞ্জিত
পরবর্তি সংবাদভাস্কর্য ইস্যু: এবার ইসলামী নেতৃবৃন্দসহ খালেদা, তারেক ও ফখরুলের বিরুদ্ধে মামলা