ইসলাম টাইমস ডেস্ক: সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘রাজনৈতিক মোল্লারা বঙ্গবন্ধু, সংবিধান, মুক্তিযোদ্ধা ও দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এদের মাফ নাই।’
বুধবার সকাল ১০টার দিকে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন তিনি।
জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনের সভাপতিত্বে সমাবেশে হাসানুল হক ইনু বলেন, ‘যেই রাজনৈতিক মোল্লা ও রাজাকারেরা ধর্মের নামে স্বাধীনতার বিরোধিতা করে ৩০ লাখ মানুষ হত্যা করেছে, সেই দেশদ্রোহী রাজনৈতিক মোল্লা, রাজাকার, নব্য রাজাকারদের কাছে ধর্মের ইজারা দেওয়া হয়নি।’
কুষ্টিয়া জেলা জাসদ আয়োজিত সমাবেশে হাসানুল হক ইনু প্রধান অতিথি ছিলেন। গত শুক্রবার গভীর রাতে ভাস্কর্যটির কিছু অংশ ভেঙে ফেলার ঘটনা ঘটে।
হাসানুল হক ইনু বলেন, ‘বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনা সমগ্র জাতিকে চরমভাবে ব্যথিত করেছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারী, উসকানিদাতা ও রাষ্ট্রদ্রোহীদের সর্বোচ্চ শাস্তি ভোগ করতেই হবে। বঙ্গবন্ধুর ভাস্কর্য, জাতীয় ইতিহাস-ঐতিহ্য, মুক্তিযুদ্ধে মীমাংসিত সংবিধানের বিষয়ে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই।’
বাংলাদেশ রাষ্ট্রধর্ম নিরপেক্ষতার নীতির ভিত্তিতেই চলবে বলে মন্তব্য করেন ইনু। তিনি আরও বলেন, ধর্মের নামে অশান্তি, ভাগাভাগি, বাড়াবাড়ির অপচেষ্টা রুখে দেওয়া হবে।
-এসএন
আরো পড়ুন: বঙ্গবন্ধু নয়, মূর্তি-ভাস্কর্যের বিরুদ্ধে আমাদের আন্দোলন: মাওলানা মামুনুল হক
স্বর্ণের মূর্তি তৈরি করেও বঙ্গবন্ধুর ঋণ শোধ করা যাবে না: দিনাজপুরের সাংসদ
ইসলামের দৃষ্টিতে মূর্তি ও ভাস্কর্য দুটোই পরিত্যাজ্য
অফিস বা বাসাবাড়িতে সাজিয়ে রাখার জন্য ভাস্কর্য কেনাবেচার বিধান
















