ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সেক্টর কমান্ডার্স ফোরামের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা, সাবেক সচিব, রাষ্ট্রদূত আনোয়ার উল আলম মৃত্যুবরণ করেছেন।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সেক্টর কমান্ডার্স ফোরামের মহাসচিব হারুন হাবীব এ তথ্য নিশ্চিত করেন।
বৃহস্পতিবার বিকালে আনোয়ার উল আলম শহীদের লাশ হাসপাতাল থেকে তার গুলশানের বাসায় নিয়ে যাওয়া হয়।
আনোয়ার উল আলম
আনোয়ার উল আলমের জন্ম ১৯৪৭ সালে টাঙ্গাইলে। তার বাবা মৌলভী আবদুর রাহীম ইছাপুরী ছিলেন ইসলামী পণ্ডিত ও টাঙ্গাইলে ব্রিটিশবিরোধী রাজনৈতিক আন্দোলনের অন্যতম নেতা।
আনোয়ার উল আলম ১৯৬২ সালে ছাত্র রাজনীতিতে যুক্ত এবং বাঙালির স্বাধীকার আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে থাকেন। তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগ (বর্তমানে বাংলাদেশ ছাত্রলীগ) টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ছিলেন তিনি।
১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে সলিমুল্লাহ মুসলিম হল ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন আনোয়ারুল আলম শহীদ। সে সময় বঙ্গবন্ধুসহ জাতীয় নেতাদের সঙ্গে তার পরিচয় গড়ে উঠে।
মুক্তিযুদ্ধে আবদুল কাদের সিদ্দিকীর নেতৃত্বে গড়ে ওঠা কাদেরিয়া বাহিনীর বেসামরিক প্রধান ছিলেন আনোয়ার।মুক্তিবাহিনীর একটি সাপ্তাহিক মুখপাত্র ‘রণাঙ্গন’ প্রকাশনা শুরু হলে ‘রণদূত’ ছদ্মনামে আনোয়ার উল আলম শহীদ সেই পত্রিকা সম্পাদনা করতেন। তিনি রক্ষীবাহিনীর সহকারী পরিচালক হিসেবে নিয়োগ পান।
রক্ষীবাহিনী বিলুপ্ত হওয়ার পর তিনি সেনাবাহিনীতে ফিরে যান। কর্নেল পদে পদোন্নতি পাওয়ার পর ১৯৭৮ সালে সরকার তাকে অবসর দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায়।
আনোয়ার উল আলম বিভিন্ন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।
-এসএন
















