ইসলাম টাইমস ডেস্ক: মেরিন ড্রাইভের বাহারছরা এবিপিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট) আদালতে জমা দেয়া হচ্ছে আজ রোববার।
রোববার (১৩ ডিসেম্বর) কক্সবাজার আদালতে প্রতিবেদনটি দাখিল করার প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন র্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার মো. খায়রুল আলম।
সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. খায়রুল আলম বলেন, সিনহা হত্যা মামলাটি আমরা নানাভাবে তদন্ত করেছি। তদন্তে পাওয়া তথ্যগুলো সাজিয়ে চার্জশিট হিসেবে জমা দেয়ার সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। প্রতিবেদনটি আজ আদালতে দাখিল করা হতে পারে।
সূত্র জানায়, হত্যার ঘটনা তদন্ত নেমে র্যাব এখন পর্যন্ত ১৫ জনের জড়িত থাকার প্রমাণ পেয়েছে। যার মধ্যে ১৪ জন র্যাবের হাতে গ্রেফতারের পর বর্তমানে জেলহাজতে রয়েছেন।
মামলার তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার, বাহারছড়া ক্যাম্পের পরিদর্শক লিয়াকত আলী, এসআই নন্দদুলাল রক্ষিত, টেকনাফ থানার কয়েকজন পুলিশ সদস্য ছাড়াও আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএনের তিনজন এবং স্থানীয় তিনজনসহ মোট ১৪ জনকে অভিযুক্তের পর গ্রেফতার করা হয়েছে।
ইজে
















