ইসলাম টাইমস ডেস্ক : পুলিশের লাঠিচার্জে সিলেটে বিএনপি প্রার্থীর পথসভা পণ্ড হয়েছে। সিলেটের গোলাপগঞ্জে বিএনপির প্রার্থী ফয়সল আহমদ চৌধুরীর পূর্ব নির্ধারিত নির্বাচনী পথসভাটি বুধবার বিকালে পুলিশের বাধায় পণ্ড হয়ে যায়।
জানা গেছে, বিকাল ৪টায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা ঢাকা দক্ষিণ রোডে সোমা এক্সরে ও নূর ম্যানশনের সামনে এসে জড়ো হতে থাকেন। এসময় পুলিশ-র্যা ব-বিজিবি যৌথ বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। বিএনপি নেতাকর্মীরা নির্বাচনী স্লোগান দিয়ে পথসভায় আসতে চাইলে পুলিশ লাঠিচার্জ করে পথসভা পণ্ড করে দেয়।
এসময় চৌমুহনী ও আশপাশ এলাকা থেকে পুলিশ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের ১৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করে। তবে গোলাপগঞ্জ মডেল থানার ওসি একেএম ফজলুল হক শিবলী ১৮ জনকে আটক করার কথা নিশ্চিত করেন।
গোলাপগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌসি আক্তার বলেন, এখন পর্যন্ত আটকদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তাই কিছু বলা যাচ্ছে না।
সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত গোলাপগঞ্জ চৌমুহনী এলাকায় সেনাবাহিনী, বিজিবি, র্যা ব ও পুলিশ টহল দিতে দেখা যায়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সাজোয়া যান নিয়ে অবস্থান করতে দেখা গেছে।
















