ইসলাম টাইমস ডেস্ক: শোক, শ্রদ্ধা আর ভালোবাসায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেছে সবাই।
রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সোমবার ভোর থেকেই জড়ো হতে থাকেন নানা বয়সী মানুষেরা। সকাল ৭টা থেকে শুরু হয় শ্রদ্ধা জানানো।
করোনাভাইরাস প্রকোপের কারণে এবার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সরাসরি শ্রদ্ধা জানাতে উপস্থিত হননি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
সকাল ৭টা ১০ মিনিটে প্রথমে রাষ্ট্রপতির পক্ষ থেকে শ্রদ্ধা জানান তার সামরিক সচিব মেজর জেনারেল এসএম শামীম উজ জামান। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।
শহীদ বেদিতে জাতীয় সংসদের স্পিকারের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানানো হয় মন্ত্রিসভার পক্ষ থেকেও।
পরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। একে একে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ, বিএনপি, শহীদ পরিবারের সন্তান ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা।
মুক্তিযুদ্ধে বাঙালির চূড়ান্ত বিজয়ের মাত্র দুই দিন আগে পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন। জাতীয়ভাবে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
-আরএম
















